Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মধ্যরাতে বাহরাইনে মিসাইল ও ড্রোন হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ এএম

বাহরাইনে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। 

স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে রাতে বা বাংলাদেশ সময় রোববার ভোর প্রায় ৩টার দিকে এ হামলা চালানো হয়।

আইআরজিসির দাবি, বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।

তবে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলার লক্ষ্য ছিল একটি বেসামরিক বাণিজ্যিক অবকাঠামো। হামলার পর সেখানে আগুন ধরে যায়। তবে অবকাঠামোটির অবস্থান বা ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, তারা বাহরাইনের পূর্ব উপকূলে অবস্থিত সিত্রা দ্বীপের ওপর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখেছেন। দ্বীপটিতে বেশ কয়েকটি বাণিজ্যিক অবকাঠামো রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপকোর পরিচালিত একটি তেল শোধনাগারও রয়েছে।

ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ ড্রোন ওড়ানোসহ বিভিন্ন কর্মকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। আইআরজিসি বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের শেখ ঈসা ও জুফাইর সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে বলে দাবি করেছে সংস্থাটি।

উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদরদপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকেই দেশটিতে একাধিক হামলা চালিয়েছে ইরান।

সূত্র: এএফপি, ফার্স নিউজ।