Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। দেশজুড়ে ৩৪টি কারখানায় একযোগে তিন দিন ধরে এ অভিযান চালানো হয়।

শনিবার (২১ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। এ সময় বিভিন্ন কারখানায় মোট ১ হাজার ৭০২ জন বিদেশি নাগরিকের কাগজপত্র ও পরিচয় যাচাই করা হয়। এর মধ্যে ৫১৯ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে। তাদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন, তাইওয়ানসহ কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সেলাঙ্গর রাজ্যের ক্লাং এলাকার মেরুতে একটি পেরেক তৈরির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে ১৩১ জন বিদেশি নাগরিককে যাচাই করে ৭১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে ৫১ জন বাংলাদেশি, ১৯ জন নেপালি এবং একজন তাইওয়ানের নাগরিক রয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত সময় অবস্থান, ভিসার অপব্যবহার এবং বৈধ পরিচয়পত্র না থাকাসহ বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

জেআইএম আরও জানিয়েছে, জনসাধারণের অভিযোগ, গোয়েন্দা তথ্য এবং সংশ্লিষ্ট কারখানাগুলোর ওপর নজরদারির ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। এতে দেশটির শ্রম বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষ সহযোগিতা করে।

আটক ব্যক্তিদের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপের জন্য অভিবাসন বিভাগের আটককেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় ৪২ জনকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে। তাদের মধ্যে কারখানার মালিক ও বিদেশি কর্মীদের নিয়োগ এবং ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

মালয়েশিয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অভিযান শুধু অভিবাসন আইন লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে না। অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ, আশ্রয় দেওয়া কিংবা আইন লঙ্ঘনে সহযোগিতাকারী নিয়োগকর্তা ও কারখানার পরিচালকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: দ্য স্টার

এমএইচআর