আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কখনোই বাংলাদেশের হাতে তুলে দেবে না বলে মন্তব্য করেছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশ্লেষক ও জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রীরাধা দত্ত।
শুক্রবার (২০ নভেম্বর) ইংরেজী দৈনিক ডেইলি ওয়াদাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান অচলাবস্থা এবং শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
শ্রীরাধা দত্ত বলেন, ‘শেখ হাসিনা ভারতের একজন ভালো বন্ধু। ভারত তাকে মিত্র হিসেবে বিবেচনা করে এবং ভারত কখনোই এমন একজনকে হস্তান্তর করবে না।’
এই মূল্যায়নটি ভারতীয় রাজনীতি সম্পর্কে নিজের ব্যক্তিগত উপলব্ধির প্রতিফলন উল্লেখ করে তিনি বলেন, ‘এগুলো আমার ব্যক্তিগত মতামত। রাজনীতির একজন শিক্ষার্থী হিসেবে আমি যা বুঝি, তাই বলছি।’
শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধও জানিয়েছে ঢাকা।
তবে নয়াদিল্লি এখন পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে আইনি প্রক্রিয়ার আওতাধীন বলে উল্লেখ করেছে।
এদিকে ভারত থেকে তার অব্যাহত রাজনৈতিক হস্তক্ষেপ ঢাকার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।
শ্রীরাধার মতে, হাসিনার প্রত্যর্পণ এই অচলাবস্থা থেকে বেরিয়ে আসার কোনো পথ তৈরি করবে না।
তিনি বলেন, ‘প্রত্যর্পণ একটি দীর্ঘ প্রক্রিয়া কিন্তু যদি আমরা ধরেও নিই যে প্রযুক্তিগত ও আইনি প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা যেতে পারে, তাহলেও কি ভারত তাকে প্রত্যর্পণ করতে চায়? সহজ কথায়, আমি মনে করি ভারত তা চায় না, এবং চাইবেও না।’
এক্ষেত্রে বাংলাদেশে-ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির সেই বিধানগুলোর দিকে ইঙ্গিত করেছেন বাংলাদেশ নিয়ে ব্যাপক গবেষণা এই অধ্যাপক, যা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ দেয়।
তিনি বলেন, ‘চুক্তির বেশ কয়েকটি অনুচ্ছেদে সুনির্দিষ্ট শর্ত উল্লেখ করা আছে, যেগুলোর অধীনে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে।’
তবে শ্রীরাধা দত্ত স্বীকার করেছেন, হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে ঢাকা স্বাভাবিকভাবেই তার প্রত্যর্পণের দাবি বজায় রাখবে।
শেখ হাসিনার পাসপোর্ট ও বাংলাদেশে ফেরার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীরাধা দত্ত। তার দাবি, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে প্রত্যর্পণ চুক্তি কিংবা পাসপোর্টের প্রয়োজন নেই। তিনি যেভাবে ভারতে গেছেন, সেভাবেই বাংলাদেশে ফিরে যেতে পারেন।
তিনি বলেন, ‘তিনি যদি ফিরতে চান, তাহলে অবশ্যই ফিরতে পারেন। যেভাবে এসেছেন, সেভাবেই ফিরে যেতে পারেন। এর জন্য প্রত্যর্পণ চুক্তি কিংবা পাসপোর্ট—কোনোটিরই প্রয়োজন নেই।’
শ্রীরাধা দত্ত যুক্তি দিয়েছিলেন, তৃতীয় কোনো দেশে যেতে হলে পাসপোর্টের প্রয়োজন হতে পারে। কিন্তু নিজের দেশে ফিরে যাওয়ার বিষয়টি আলাদা।
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নিয়ে নিয়ে আমরা যা কিছু শুনছি, আমার মতে তা মূল বিষয় থেকে দৃষ্টি সরানোর নিছকই একটি কৌশল’।
শ্রীরাধা দত্তের মতে, শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা থাকলে সেই যাত্রার পথ নিশ্চয়ই খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু তার পাসপোর্ট ও অন্যান্য বিষয় নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, তা অপ্রয়োজনীয়।
শেখ হাসিনা নির্বাসনে থেকেও নিজের রাজনৈতিক প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন এই অধ্যাপক।
তিনি বলেন, বিভিন্ন সাক্ষাৎকার, নিবন্ধ ও সমর্থকদের প্রচার করা ভিডিওর মাধ্যমে শেখ হাসিনা নিজের রাজনৈতিক অবস্থান আলোচনায় রাখতে চাইছেন। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের কাছে দলের নেতৃত্ব এখনো সক্রিয় ও প্রাসঙ্গিক—এমন বার্তা দেওয়াও এর একটি উদ্দেশ্য হতে পারে।
এ প্রসঙ্গে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলির কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, আওয়ামী লীগের একটি সমর্থকগোষ্ঠী এখনো দলটির সঙ্গে যুক্ত রয়েছে এবং তাদের কাছে নেতৃত্বের রাজনৈতিক গুরুত্ব ধরে রাখা প্রয়োজন।
তবে আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠীর অবস্থান এবং বাংলাদেশের সাধারণ মানুষের মনোভাব এক নয় বলে মনে করেন শ্রীরাধা দত্ত। তার মূল্যায়ন, বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ প্রজন্ম, শেখ হাসিনার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে।
তিনি বলেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে জমে থাকা রাজনৈতিক ও আর্থসামাজিক অসন্তোষের পাশাপাশি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সহিংসতা তরুণদের মধ্যে গভীর ক্ষোভ তৈরি করেছে। আন্দোলনের সময় সহিংসতা ও হামলার যে অভিজ্ঞতা তরুণেরা অর্জন করেছেন, তা এত দ্রুত তাদের সম্মিলিত স্মৃতি থেকে মুছে যাওয়ার নয়।
শ্রীরাধা দত্তের মতে, এসব অভিজ্ঞতা বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং রাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ককে দীর্ঘদিন প্রভাবিত করবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন, সীমান্ত, নিরাপত্তা ও দ্বিপক্ষীয় বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এসব সমস্যা একসঙ্গে জট পাকিয়ে না রেখে আলাদাভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।
শ্রীরাধা দত্তের মতে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে ঢাকা ও নয়াদিল্লি—উভয় পক্ষকেই অনড় অবস্থান থেকে সরে আসতে হবে। কোনো শর্ত দিয়ে আলোচনা শুরু করার পরিবর্তে আলোচনার মাধ্যমেই মতবিরোধের সমাধান খুঁজতে হবে।
তিনি বলেন, দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা ও আঞ্চলিক যোগাযোগ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা কারও জন্যই টেকসই নয়। ভারত ও বাংলাদেশের ভাগ্য পরস্পরের সঙ্গে জড়িত হওয়ায় শেষ পর্যন্ত দুই দেশকে সহযোগিতার পথেই ফিরতে হবে।
এমএইচআর