Dhaka Mail Logo

আন্তর্জাতিক

নিউইয়র্কের নিলাম থেকে সরানো হলো ফ্রিদা কাহলোর চিত্রকর্ম

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ এএম

বিশ্বখ্যাত চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর একটি চিত্রকর্ম নিউইয়র্কের নিলাম থেকে সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকান কর্তৃপক্ষের অনুরোধে। চিত্রকর্মটির মালিকানা ও উৎস সংক্রান্ত (প্রোভেন্যান্স) তথ্য যাচাইয়ের জন্য নিলাম স্থগিত রাখার এ অনুরোধ জানায় মেক্সিকো সরকার।

শুক্রবার (২০ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ‘কংগ্রেসো দে লস পুয়েবলোস পোর লা পাজ’ বা ‘শান্তির জন্য জনগণের কংগ্রেস’ শিরোনামের চিত্রকর্মটি গত ১৭ নভেম্বর ক্রিস্টিজ নিলাম প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির কথা ছিল। এতে ফলভর্তি একটি গাছের ডালে বসে থাকা সাদা কবুতর, হাস্যোজ্জ্বল সূর্য ও চাঁদ এবং তরমুজের দুটি টুকরো প্রতীকী ব্যঞ্জনায় উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ক্রিস্টিজের এক মুখপাত্র জানান, বিক্রেতার সঙ্গে আলোচনা করে চিত্রকর্মটি আপাতত নিলাম থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও গবেষণা ও যাচাই-বাছাই শেষে ভবিষ্যতে এটি আবার নিলামে তোলার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

নতুন ভৌগোলিক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ইরানের
সমঝোতায় আগ্রহী ইরান, তবে প্রস্তাবে সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

FA

মেক্সিকোর আইন অনুযায়ী, ফ্রিদা কাহলোর শিল্পকর্মগুলো দেশটির জাতীয় শৈল্পিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত এবং সুরক্ষিত। ১৯৮৪ সালের এক সরকারি আদেশে ফ্রিদার শিল্পকর্মকে ‘শৈল্পিক স্মৃতিস্তম্ভ’ ঘোষণা করা হয়। ওই আদেশ জারির সময় যেসব শিল্পকর্ম মেক্সিকোতে ছিল, সেগুলো স্থায়ীভাবে দেশের বাইরে নেওয়া নিষিদ্ধ।

ফ্রিদা কাহলোর আঁকা ‘কংগ্রেসো দে লস পুয়েবলোস পোর লা পাজ’ বা ‘শান্তির জন্য জনগণের কংগ্রেস’ শিরোনামের চিত্রকর্ম / ছবি: দ্য ইনডিপেনডেন্ট
ফ্রিদা কাহলোর আঁকা ‘কংগ্রেসো দে লস পুয়েবলোস পোর লা পাজ’ বা ‘শান্তির জন্য জনগণের কংগ্রেস’ শিরোনামের চিত্রকর্ম / ছবি: দ্য ইনডিপেনডেন্ট

মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা ব্যাংক অব মেক্সিকোর পরিচালনাধীন দিয়েগো রিভেরা ও ফ্রিদা কাহলো মিউজিয়ামস ট্রাস্টের সঙ্গে কাজ করছে। উল্লেখ্য, ২০২০ সালে একই চিত্রকর্মটি সোথবি’স নিলামে বিক্রি হয়েছিল। তখন কোনো আপত্তি ওঠেনি।

এই ছবি ১৯৫২ সালের অক্টোবরে এঁকেছিলেন ফ্রিদা। ওই বছর ভিয়েনায় অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের শান্তি সম্মেলনে তিনি এটি উপহার দিয়েছিলেন। সেই সময় শারীরিকভাবে গুরুতর অসুস্থ থাকায় স্বামী ও চিত্রশিল্পী দিয়েগো রিভেরার মাধ্যমে ছবিটি সম্মেলনে পাঠান তিনি। এর দুই বছর পর মেক্সিকো সিটিতে এই বরেণ্য শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এফএ