Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের রায়কে ‘অন্যায্য’ বলল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

২০১৭ সালে সংঘটিত রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে অভিযুক্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে প্রত্যাখ্যান করেছে দেশটির সেনা সমর্থিত সরকার। আদালতের সিদ্ধান্ত সর্বসম্মত না হওয়ায় এই রায়কে ন্যায়সংগত মনে করছে না নেপিদো।

শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের মুখপাত্র খাইং খাইং সোয়ে এ মন্তব্য করেন। 

তিনি বলেন, আদালতের ১৫ জন বিচারকের সবাই এই সিদ্ধান্তের পক্ষে ছিলেন না। নয়জন বিচারক রায়ের পক্ষে এবং ছয়জন বিপক্ষে অবস্থান নিয়েছেন। ফলে এটি সর্বসম্মত সিদ্ধান্ত নয়।

খাইং খাইং সোয়ে বলেন, ‘আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সবার সম্মতিতে হয়নি। এটি ন্যায়সংগত নয়।’

তিনি আরও বলেন, আদালতের রায় ও বিচারকদের মতামতসংবলিত নথি কয়েকশ পৃষ্ঠার। এসব আইনি নথি পর্যালোচনা করতে মিয়ানমারের সময় প্রয়োজন। পরবর্তীতে এ বিস্তারিত জানানো হবে। 

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজে রায় দিয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানে দেশটি গণহত্যা সংঘটিত করেছে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলাটি দায়ের করে। সাত বছর পর এই রায় ঘোষণা করা হয়। ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করার ক্ষেত্রে আইসিজের ইতিহাসে এটি প্রথম রায়।

১৫ সদস্যের বিচারক প্যানেল ৯-৬ ভোটে রায় দিয়েছেন, ২০১৬-১৭ সালে রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন ও সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন বলে প্রমাণিত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নৃশংসতা এবং শত শত গ্রাম পুড়িয়ে ধ্বংস করেছে, যার উদ্দেশ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করা।।

রায়ে মিয়ানমারকে গণহত্যার শিকার রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতার কথাও বলা হয়েছে, যা পরবর্তীতে নির্ধারণ করা হবে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। 

এছাড়াও রোহিঙ্গা গণহত্যার দায়ে অভিযুক্ত সন্দেহভাজন যেকোনো ব্যক্তির বিরুদ্ধে মিয়ানমারকে অবশ্যই তদন্ত ও শাস্তি দিতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারকেরা। 

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ফলে রোহিঙ্গা জনগোষ্ঠীর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তার আনুপাতিক ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য।’

তবে মিয়ানমারের সামরিক সমর্থিত সরকার দীর্ঘদিন ধরে গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। 

দেশটির দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান ছিল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর হামলার জবাব এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের অংশ।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। তাদের বড় অংশ প্রায় এক দশক ধরে নিজ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন।

সূত্র: রয়টার্স

এমএইচআর