আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ায় আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের মুখে পড়েছে মূল্যবান এই ধাতু।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশের সময় বিকেল ৩টা ১৩ মিনিটে (জিএমটি ০৯১৩) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৭৬ দশমিক ০৯ ডলারে নেমে আসে। যদিও দিনের শুরুতে প্রতি আউন্সের দাম ৩ হাজার ৫১৩ দশমিক ৫৪ ডলারে নেমেছিল, যা ২০২৫ সালের ৪ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।
এনিয়ে এ সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। চলতি বছরের মার্চের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন হতে যাচ্ছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫৭৭ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা স্বর্ণের দাম কমার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে।
ডলার শক্তিশালী হলে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে ওঠে। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা কমার আশঙ্কা তৈরি হয়।
অন্যদিকে সুদের হার বাড়লে ব্যাংক আমানত ও সরকারি বন্ডের মতো সুদযুক্ত বিনিয়োগ থেকে বেশি মুনাফার সুযোগ তৈরি হয়। কিন্তু স্বর্ণ কোনো সুদ বা লভ্যাংশ দেয় না। ফলে সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংককে আবারও সুদের হার বাড়াতে হতে পারে। তাঁর এই মন্তব্য বাজারে সুদের হার বৃদ্ধির প্রত্যাশাকে আরও জোরালো করেছে’।
এদিকে স্বর্ণের পাশাপাশি রুপাসহ অনান্য ধাতুরও দাম কমেছে। শুক্রবার স্পট রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪২ দশমিক ৪১ ডলারে নেমেছে।
এছাড়াও প্লাটিনামের দাম ২ দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৩১৩ দশমিক ২০ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ৮৯৬ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স
এমএইচআর