Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যার রায়ে কী আছে, মিয়ানমারের পরিণতি কী হতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পিএম

রাখাইনে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানকে শেষ পর্যন্ত গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে বলেছে, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান ছিল গণহত্যা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করল আদালতটি।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় দেওয়া এই রায় রোহিঙ্গাদের দীর্ঘদিনের ন্যায়বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ, ক্ষতিপূরণ এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করেছে এই সিদ্ধান্ত।

রায়ে কী বলেছে আন্তর্জাতিক আদালত?

১৫ সদস্যের বিচারক প্যানেলের মধ্যে ৯ জনের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আদালত মিয়ানমারকে গণহত্যার জন্য দায়ী করেছে। 

আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই ২০১৬-১৭ সালের সামরিক অভিযান পরিচালিত হয়েছিল।

আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, হত্যাকাণ্ড, ধর্ষণ ও যৌন সহিংসতা, শিশুদের ওপর হামলা এবং পালিয়ে যাওয়া বেসামরিক মানুষদের হত্যার মতো ঘটনাগুলো বিবেচনায় নিয়েছেন বিচারকরা। পাশাপাশি রোহিঙ্গাদের জন্মহার নিয়ন্ত্রণ এবং জনগোষ্ঠীটির বংশবিস্তারের সক্ষমতা নষ্ট করার উদ্দেশ্যে যৌন সহিংসতা ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

আদালত বলেছে, গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি দেওয়ার বাধ্যবাধকতা পালনে মিয়ানমার ব্যর্থ হয়েছে। গণহত্যা সনদের আওতায় প্রয়োজনীয় আইন প্রণয়নেও দেশটি ব্যর্থ হয়েছে। এমনকি গণহত্যার অভিযোগসংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামত সংরক্ষণের নির্দেশও যথাযথভাবে পালন করেনি মিয়ানমার।

তবে একটি বিষয়ে আদালত ভিন্ন সিদ্ধান্ত দিয়েছে। ১৪-১ ভোটে আদালত বলেছে, বেসরকারি ব্যক্তিদের মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা সংঘটনে মিয়ানমার সরাসরি ও প্রকাশ্যে উসকানি দিয়েছে—এ অভিযোগ প্রমাণিত হয়নি।

মিয়ানমারকে কী কী করতে হবে?

জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায়ে মিয়ানমারের ওপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

প্রথমত, গণহত্যা সনদের অধীনে চলমান লঙ্ঘন বন্ধ করতে হবে এবং সনদের বাধ্যবাধকতা বাস্তবায়নে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে।

দ্বিতীয়ত, গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের তদন্ত করতে হবে। অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাদের বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে।

তৃতীয়ত, ভবিষ্যতে যাতে এ ধরনের অপরাধ আর না ঘটে, সে জন্য কার্যকর নিশ্চয়তা দিতে হবে।

চতুর্থত, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে হবে। তাদের পরিবারের সদস্যদের পুনর্মিলন এবং নিজ নিজ আবাসস্থলে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।

এছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দিতে হবে। তাদের হারানো সম্পদ ও অন্যান্য ক্ষয়ক্ষতির প্রতিকার নিশ্চিত করতে হবে।

ক্ষতিপূরণের পরিমাণ এবং কীভাবে তা দেওয়া হবে, সে বিষয়ে আদালত পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানিয়ে দুই বছরের মধ্যে মিয়ানমারকে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে। 

মিয়ানমারের কী পরিণতি হতে পারে?

এই রায়ের সবচেয়ে বড় তাৎপর্য হলো, মিয়ানমার এখন আন্তর্জাতিক আইনের অধীনে গণহত্যার জন্য দায়ী রাষ্ট্র হিসেবে স্বীকৃত। রায়টি চূড়ান্ত ও বাধ্যতামূলক। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই।

তবে রায় ঘোষণার অর্থ এই নয় যে, পরদিন থেকেই মিয়ানমারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক ব্যবস্থা কার্যকর হবে। আন্তর্জাতিক বিচার আদালতের নিজস্ব কোনো পুলিশ বাহিনী কিংবা রায় বাস্তবায়নের সরাসরি ক্ষমতা নেই।

মিয়ানমার রায় বাস্তবায়নে ব্যর্থ হলে গাম্বিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে বিষয়টি উত্থাপন করতে পারে। নিরাপত্তা পরিষদ তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে। তবে এখানে বড় বাধা হতে পারে চীন ও রাশিয়ার অবস্থান। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তাদের ভেটো ক্ষমতা রয়েছে।

এ ছাড়া বিভিন্ন দেশ মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক সহযোগিতা সীমিত করার মতো পদক্ষেপ নিতে পারে। মানবাধিকার সংগঠনগুলোও রায় বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ বাড়াতে পারে। 

সামরিক জান্তার নেতাদের কি শাস্তি হবে?

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রাষ্ট্রের দায় নির্ধারণ করে; কোনো ব্যক্তির ফৌজদারি বিচার করে না। অর্থাৎ, এই রায়ে মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করা হলেও দেশটির সামরিক বাহিনীর প্রধান, জ্যেষ্ঠ কর্মকর্তা কিংবা রাজনৈতিক নেতাদের কারাদণ্ড দেওয়া হয়নি।

তবে ব্যক্তিগতভাবে দায়ীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পৃথকভাবে কাজ করতে পারে। এক্ষেত্রে মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে আইসিসিতে গ্রেফতারি পরোয়ানার আবেদন ও বিচারিক প্রক্রিয়া রয়েছে। 

কী ঘটেছিল রাখাইনে?

২০১৬ সালের অক্টোবরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা একটি পুলিশ ফাঁড়িতে হামলার পর, মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ এবং ২০১৭ সালের আগস্টে আরও বড় আকারের একটি অভিযান শুরু করে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এতে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত এবং ৭ লাখ ৪০ হাজার জন বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়।

জাতিসংঘের তদন্তকারীরা দেখেছেন, সৈন্যরা শত শত গ্রাম ধ্বংস করেছে, গণহত্যা চালিয়েছে এবং নিয়মিতভাবে রোহিঙ্গা নারী, মেয়ে ও ছেলেদের ধর্ষণ ও গণধর্ষণ করেছে। তারা বলেছেন, এই যৌন সহিংসতা গণহত্যার উদ্দেশ্যেরই ইঙ্গিত দেয়।

এছাড়াও ২০২৩ সালে সেনাবাহিনীর সাথে লড়াই পুনরায় শুরু হওয়ার পর থেকে রাখাইন জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির বেশিরভাগ অংশ দখল করে নিয়েছে। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় আগস্ট মাসে জানায় যে, উভয় বাহিনীই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক ও পরিকল্পিত নির্যাতন চালিয়েছে এবং আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগ তোলে।

জাতিসংঘ বলেছে, এই নির্যাতনের কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পাড়ি জমাতে বাধ্য হয়েছে, ফলে সেখানে শরণার্থীর সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।

কেন গাম্বিয়া মামলা করেছিল?

দীর্ঘদিনের নিপীড়ন ও ২০১৭ সালের সামরিক অভিযানের ঘটনাকে ১৯৪৮ সালের গণহত্যা সনদের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মামলাটি দায়ের করা হয়। ২০২০ সালের জানুয়ারিতে আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সম্ভাব্য গণহত্যা প্রতিরোধে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

মিয়ানমার প্রথমে দাবি করেছিল, গাম্বিয়ার এ মামলা করার অধিকার নেই। তবে ২০২২ সালে আদালত গাম্বিয়ার মামলার অধিকার স্বীকার করেন। চলতি বছরের জানুয়ারিতে মূল মামলার শুনানি অনুষ্ঠিত হয়। 

রোহিঙ্গাদের জন্য রায়ের অর্থ কী?

আইসিজের রায়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের আন্তর্জাতিক আইনি স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে। আদালত মিয়ানমারকে গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে দায়ী করেছে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, নিরাপদ প্রত্যাবাসন ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

তবে এই রায় কার্যকর হলেই রোহিঙ্গারা দ্রুত বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরে যেতে পারবেন, এমন নিশ্চয়তা নেই।

ট্রিনিটি কলেজ ডাবলিনের আন্তর্জাতিক আইনের অধ্যাপক এবং আইসিজের সাবেক আইন কর্মকর্তা মাইকেল বেকারের মতে, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য অনুকূল নয়।

তিনি বলেন, এর পরিবর্তে এই রায়কে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করার কাজে ব্যবহার করতে হবে।

অন্যদিকে যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক উইলিয়াম শাবাস বলেছেন, আদালতের নির্দেশ বাস্তবায়ন করা হলে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপত্তা, মর্যাদা ও জীবিকার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

বাংলাদেশের জন্য এই রায়ের গুরুত্ব কতটা?

রোহিঙ্গা সংকটের সবচেয়ে বড় বোঝা বহন করছে বাংলাদেশ। বর্তমানে কক্সবাজার ও আশপাশের আশ্রয়শিবিরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

এই রায় বাংলাদেশের জন্য কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বাংলাদেশ। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে নিন্দা জানানোর পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টিও রায়ে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এই রায়কে স্বাগত জানাই এবং এতে সন্তুষ্ট।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের বিচারিক কার্যক্রমের ইতিহাসে অধিকারের এমন গুরুতর লঙ্ঘনের জন্য কোনো রাষ্ট্রের বিরুদ্ধে এ ধরনের নিন্দা জানানোর ঘটনা প্রথম।

রায়ের ইতিবাচক প্রভাব বাংলাদেশের ওপরও পড়বে বলে মনে করেন হুমায়ুন কবির। 

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্ষতিপূরণের বিষয়টিও রায়ে এসেছে। এছাড়া এই সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের জন্যও রায়ের কিছু ইতিবাচক প্রভাব রয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যতে কীভাবে এগোনো হবে, সে ক্ষেত্রেও আইসিজের এ রায়ের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রায়ের বিস্তারিত বিষয় আগামীকাল ব্রিফিংয়ের মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান তিনি।

সূত্র: আলজাজিরা, বিবিসি 

এমএইচআর