Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে ঘরে ঘরে সৌরবিদ্যুৎ, লোকসানে জাতীয় গ্রিড

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

পাকিস্তানে ঘটে গেছে সৌরবিদ্যুতের নীরব বিপ্লব। মাত্র কয়েক বছরের ব্যবধানে দেশটির লাখ লাখ বাড়ির ছাদ ঢেকে গেছে সোলার প্যানেলে। বিদ্যুতের উচ্চমূল্য, ঘন ঘন লোডশেডিং ও জ্বালানি সংকট থেকে মুক্তি পেতে ঘরবাড়ি ঝাড়াও ব্যবসাপ্রতিষ্ঠান, কলকারখানা থেকে শুরু করে কৃষিজমিতেও বসানো হচ্ছে সৌরবিদ্যুতের প্যানেল। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগে দেশটির বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের চিত্র দ্রুত বদলে যাচ্ছে। এমনকি  সৌরবিদ্যুতের এই বিস্তার আর্থিক ও কাঠামোগত চাপে ফেলছে দেশটির জাতীয় বিদ্যুৎ গ্রিডকে।

গত জুনে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক জ্বালানি গবেষণা সংস্থা এমবারের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র দুই বছরে পাকিস্তানে বিতরণকেন্দ্রিক সৌরবিদ্যুৎ উৎপাদন তিন গুণের বেশি বেড়েছে। ২০২৫ অর্থবছরে এ উৎস থেকে প্রায় ৫১ টেরাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা দেশটির মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ২৮ শতাংশ।

2

কেন সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে পাকিস্তান?

পাকিস্তানে সৌরবিদ্যুতের এই বিস্ফোরণমূলক সম্প্রসারণের পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ। এর মধ্যে অন্যতম হলো বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, জ্বালানি আমদানির ওপর নির্ভরশীলতা এবং আন্তর্জাতিক বাজারে সোলার প্যানেলের দাম কমে যাওয়া।

কয়েক বছরের ব্যবধানে পাকিস্তানে জাতীয় গ্রিডের বিদ্যুতের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। গড় মাসিক আয় প্রায় ৪০ হাজার রুপি হওয়া সত্ত্বেও অনেক পরিবারকে ১৫ থেকে ১৮ হাজার রুপি পর্যন্ত বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে। এতে দেশটির সাধারণ পরিবারগুলোর জন্য বিদ্যুতের বিল পরিশোধ করা ক্রমেই কঠিন হয়ে উঠেছিল। একই পরিস্থিতিতে পড়েছে কলকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও কৃষি খাত। ফলে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খরচ কমাতে অনেকেই নিজস্ব ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন শুরু করেন।

এর সঙ্গে যুক্ত হয়েছে চীন থেকে তুলনামূলক কম দামে বিপুল পরিমাণ সোলার প্যানেল আমদানির সুযোগ। দেশটিতে আমদানিকৃত চীনা সোলার প্যানেলের দাম প্রায় ৯৩ শতাংশ কমে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের নাগালের মধ্যে চলে এসেছে এই প্রযুক্তি। বর্তমানে দেশটির প্রায় ৭০ লাখ পরিবার সোলার প্যানেল ব্যবহার করছে।

এমনকি আগে দেশটিতে বিয়েসহ সামাজিক অনুষ্ঠানে মোটরসাইকেল, গয়না বা আসবাবপত্র উপহার দেওয়ার চল থাকলেও এখন সোলার প্যানেল দেওয়া প্রায় অপরিহার্য রীতিতে পরিণত হয়েছে।

2

বদলে যাচ্ছে বিদ্যুৎ উৎপাদনের ধরন

পাকিস্তানের সৌরবিদ্যুৎ বিপ্লবের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় সোলার প্যানেল আমদানির পরিসংখ্যানে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটি প্রায় ৫১ গিগাওয়াট সৌর প্যানেল আমদানি করেছে বলে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এমবারের বিশ্লেষণেও দেখা যায়, ২০২৫ অর্থবছরের শেষ নাগাদ পাকিস্তানের বিতরণকেন্দ্রিক সৌরবিদ্যুৎ স্থাপনার সক্ষমতা প্রায় ৩৮ গিগাওয়াটে পৌঁছেছিল। যদিও বিভিন্ন গবেষণায় প্রকৃত স্থাপিত সক্ষমতার হিসাব কিছুটা ভিন্ন পাওয়া যায়। এর বড় অংশই বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিল্পকারখানার ছাদে স্থাপন করা হয়েছে। 

বিশেষ করে কৃষি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। আগে ডিজেলচালিত পাম্পের মাধ্যমে জমিতে সেচ দিতে কৃষকদের বিপুল অর্থ ব্যয় করতে হতো। এখন অনেক কৃষক সৌরচালিত পাম্প ব্যবহার করছেন। এতে জ্বালানি খরচ কমার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীলতাও কমেছে।

সরকারের হিসাবের বাইরে সাধারণ মানুষের বিপ্লব

পাকিস্তানের সৌরবিদ্যুৎ বিপ্লবের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এটি মূলত কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার বাইরে সাধারণ মানুষের উদ্যোগে গড়ে উঠেছে।

সরকারি বিদ্যুৎ ব্যবস্থার বাইরে ছাদে প্যানেল বসিয়ে নিজেদের বিদ্যুৎ নিজেরাই উৎপাদন করছেন মানুষ। অনেকে আবার অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে আর্থিক সুবিধাও পেয়েছেন।

এই ব্যবস্থা দেশটির বিদ্যুৎ ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। আগে যেখানে বিদ্যুতের চাহিদা মেটাতে কয়লা, গ্যাস ও তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভর করতে হতো, সেখানে এখন লাখ লাখ পরিবার ও প্রতিষ্ঠান নিজেদের বিদ্যুতের একটি বড় অংশ নিজেরাই উৎপাদন করছে।

1

সৌরবিদ্যুতের বিপ্লবে চাপে জাতীয় গ্রিড

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ায় দিনের বেলায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ কেনার প্রয়োজন কমছে। এতে বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর আয় কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অথচ বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, সঞ্চালন লাইন রক্ষণাবেক্ষণ ও অন্যান্য অবকাঠামোর নির্দিষ্ট ব্যয় আগের মতোই বহন করতে হচ্ছে।

বিশেষ করে যেসব গ্রাহক সৌরবিদ্যুতের মাধ্যমে নিজেদের চাহিদা মেটাচ্ছেন না, তাঁদের ওপর গ্রিড পরিচালনার ব্যয়ের বাড়তি চাপ পড়তে পারে। ফলে বিদ্যুৎ খাতের আর্থিক ভারসাম্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

এ পরিস্থিতিতে সৌরবিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য নীতিমালায় পরিবর্তন এনেছে পাকিস্তানের জাতীয় বিদ্যুৎ নিয়ন্ত্রক সংস্থা নেপরা। 

২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন নিয়ম চালু করে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের বিনিময়ে গ্রাহকদের অর্থ পাওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। আগে নেট মিটারিং ব্যবস্থায় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের বিপরীতে তুলনামূলক বেশি সুবিধা পাওয়া যেত। 

নতুন নেট বিলিং ব্যবস্থায় গ্রাহকের কাছ থেকে কেনা ও গ্রিডে বিক্রি করা বিদ্যুতের দাম আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

বিশ্ব অর্থনীতির জন্য কী বার্তা দিচ্ছে পাকিস্তান?

পাকিস্তানের এই অভিজ্ঞতা বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠেছে। বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল এবং বিদ্যুতের উচ্চমূল্য ও সরবরাহ সংকটে ভুগছে, তাদের জন্য সৌরবিদ্যুৎ একটি কার্যকর বিকল্প হিসেবে সামনে এসেছে।

এই রূপান্তর দেখিয়েছে, জ্বালানি খাতে বড় পরিবর্তন আনতে সব সময় বিশাল রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রয়োজন হয় না। সঠিক প্রযুক্তি, তুলনামূলক কম দাম এবং মানুষের ব্যক্তিগত উদ্যোগও একটি দেশের বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের ধরন পাল্টে দিতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে, শুধু সৌর প্যানেল স্থাপন করলেই জ্বালানি সমস্যার সমাধান হবে না। এর সঙ্গে ব্যাটারি সংরক্ষণব্যবস্থা, আধুনিক বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো এবং কার্যকর নীতিমালা নিশ্চিত করতে হবে।

সূত্র: বিবিসি, আরব নিউজ


এমএইচআর