Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ঘোষণা আন্তর্জাতিক বিচার আদালতে

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চালানো পাশবিক নির্যাতন ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় পড়া হচ্ছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকরা একের পর এক আইনি যুক্তিতর্ক, নথিপত্র আর সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে রায় পড়ে শোনাচ্ছেন। দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ের চূড়ান্ত পর্যায়কে রোহিঙ্গা সংকট সমাধানের ক্ষেত্রে মাইলস্টোন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আদালতের ১৫ বিচারকের পক্ষে রায় পড়া শুরু করেন আইসিজের সভাপতি বিচারপতি ইওয়াসাওয়া ইউজি।

রায় পড়তে প্রায় দেড় ঘণ্টা সময় লাগতে পারে। প্রায় সাত বছর আগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা দায়ের করে। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হয়েছিল কি না এবং এ ঘটনায় রাষ্ট্র হিসেবে মিয়ানমার দায়ী কি না, তা নির্ধারণ করবেন আদালতের বিচারকেরা।

মামলার রায় ঘিরে বাংলাদেশের কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। ২০১৭ সালের সামরিক অভিযানের পর প্রাণ বাঁচাতে পালিয়ে আসা ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গাসহ বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অভিযানের পর অভিযানের পর প্রাণ বাঁচাতে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

জাতিসংঘের অনুসন্ধান দলসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন তখনকার অভিযানকে গণহত্যামূলক অভিপ্রায় সম্পন্ন বলে চিহ্নিত করেছিল। সেই ঘটনার জের ধরে ২০১৯ সালের নভেম্বরে ওআইসির সমর্থনে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমারের বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ ভাঙার অভিযোগে মামলা দায়ের করে।

রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক অভিযান গণহত্যা ছিল কি না সেটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আইসিজের বিচারকরা।

লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইডের পরিচালক আন্তোনিয়া মালভে বলেন, মিয়ানমারের গণহত্যার দায় স্বীকারের পাশাপাশি ভুক্তভোগীরা নিজেদের জমি-সম্পত্তি ফেরত, ক্ষতিপূরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা চান। একই সঙ্গে মিয়ানমারের নাগরিকত্ব ফিরে পাওয়ার প্রত্যাশাও রয়েছে তাদের।

গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার নির্দেশনা চেয়েছে। ফলে কক্সবাজারে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার কাছে এ রায় বিশেষ গুরুত্ব বহন করছে।

বিশেষজ্ঞদের মতে, এ মামলার সিদ্ধান্ত আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে দক্ষিণ আফ্রিকার করা ইসরায়েলের বিরুদ্ধে মামলাতেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই প্রভাবের ধরন এখনো স্পষ্ট নয়।

আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত জটিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুয়ান্ডা ও বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যার দায় প্রতিষ্ঠার মতো ঘটনা ঘটলেও এ ধরনের মামলার রায় আন্তর্জাতিক বিচারাঙ্গনে বিরল।

আদালতে এখন মামলার এখতিয়ার, অভিযোগের ভিত্তি এবং দুই পক্ষের জমা দেওয়া তথ্যপ্রমাণ নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরা হচ্ছে। বিচারকদের আলোচনায় মূলত ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের আওতায় মিয়ানমারের দায় কতটা, সাক্ষ্য-প্রমাণ ও স্যাটেলাইট ছবি কতটা জোরালো, আগে দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশগুলোর কী অবস্থা এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফেরার পথ কীভাবে তৈরি হবে প্রভৃতি বিষয়সমূহ উঠে এসেছে।

বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও মানবিক চাপ সামলাচ্ছে বাংলাদেশ। তাই এ মামলার রায়ের দিকে গভীর নজর রাখা হচ্ছে। কূটনীতি ও মানবাধিকার নিয়ে কাজ করা বিশ্লেষকদের ধারণা, আজকের রায় ও পর্যবেক্ষণ মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে ভূমিকা রাখতে পারে। রায় পড়া শেষ হলে এর আসল আইনি প্রভাব এবং সামনের কূটনৈতিক পদক্ষেপগুলো প্রতীয়মান হতে পারে।

এফএ