আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ০৪:২০ পিএম
জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলার রায় ঘোষণা চলছে। রায়ে আদালত বলেছে, রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়ন ও সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হয়েছেন বলে প্রমাণিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৩টায় নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি এ মামলার রায় পাঠ শুরু করেন।
রায়ে তিনি বলেন, ‘আদালত প্রমাণ পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপকভাবে যৌন সহিংসতা চালিয়েছে, সেই সাথে শিশুদের ওপর চরম নৃশংসতা চালিয়েছে এবং ব্যাপক সংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপরও হামলা চালিয়েছে।’
রাখাইনে ২০১৭ সালের আগস্টের ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের আগের ঘটনাগুলোর কথা উল্লেখ করে বিচারক ইউজি বলেন, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ‘নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার বিষয়টি চিহ্নিত করেছে।’
ইউজি আরও বলেন, সাক্ষ্য-প্রমাণ থেকে এটি প্রতিষ্ঠিত হয়েছে, নির্দিষ্ট কিছু স্থানে ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড, পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর করা, যৌন সহিংসতা এবং ইচ্ছাকৃতভাবে রোহিঙ্গাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনায় জড়িত ছিল।’
কিছু সাক্ষ্য-প্রমাণের কথা উল্লেখ করে তিনি বলেন, রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর দমন-পীড়ন ও সামরিক অভিযানে প্রায় ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।
এসময় বিচারপতি ইউজি এ মামলার পটভূমি এবং আদালত কীভাবে রায়ের সিদ্ধান্তে পৌঁছেছে, তা তুলে ধরেন।
তিনি ব্যাখ্যা করেন, গণহত্যা সংক্রান্ত আগের রায়গুলোর মতো এ মামলায় নিজেদের পর্যবেক্ষণের সপক্ষে আইসিজের কাছে তুলনা করার মতো কোনো পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্ত নেই।
বিচারপতি ইউজি বলেন, ‘তথ্য-উপাত্ত নির্ধারণের জন্য আইসিজেকে কেবল পক্ষগুলোর দেওয়া প্রমাণের ওপরই নির্ভর করতে হচ্ছে।’
তিনি জানান, আদালত সাক্ষীদের জবানবন্দি এবং সাক্ষ্যদানের বিষয়গুলো বিবেচনায় নেবে, যার মধ্যে জবানবন্দির ধরন এবং কোন পরিস্থিতিতে সেগুলো দেওয়া হয়েছে, তা-ও অন্তর্ভুক্ত থাকবে।
যারা সাক্ষ্য দিয়েছেন, তাদের প্রতিশোধের শিকার হওয়ার ভয়কেও আদালত বিবেচনায় নিচ্ছে বলে জানান তিনি।
ইউজি জানান, মৌখিক শুনানির সময় আদালত এমন চারজন সাক্ষীর বক্তব্য শুনেছেন, যারা ২০১৭ সালের আগস্টের শেষ সপ্তাহে সহিংসতার শিকার হয়েছিলেন।
তিনি বলেন, ‘গাম্বিয়ার সাক্ষীরা যেসব নির্দিষ্ট ঘটনার সাক্ষ্য দিয়েছেন, সেগুলোর বিবরণে আদালত তাদের বিশ্বাসযোগ্য বলে মনে করেছে। সাক্ষীদের অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য জেরার সময় অখণ্ডিত ছিল (কোনো চ্যালেঞ্জের মুখে পড়েনি)।’
প্রসঙ্গত, ২০১৯ সালে ৫৭ দেশের জোট, অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) সমর্থনে আইসিজে-তে মিয়ানমার সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়া।
গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। ওই অভিযানের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ব্যাপক নৃশংসতার অভিযোগ ওঠে। এর মাধ্যমে দেশটি ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।
জাতিসংঘের বিভিন্ন তদন্তেও রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ভয়াবহতা উঠে এসেছে। অভিযানের পর অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাদের বড় একটি অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছেন।
এদিকে গাম্বিয়ার পাশাপাশি ১১টি দেশও এ মামলায় বিভিন্ন পর্যায়ে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে— কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, ডিআর কঙ্গো, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে।
দেশটির জান্তা সরকারের দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান কেবল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।
সূত্র: বিবিসি, রয়টার্স
এমএইচআর