Dhaka Mail Logo

আন্তর্জাতিক

শব্দের চেয়ে দ্রুতগতির ‘ফাতাহ-৩’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পিএম

শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। উন্নত নেভিগেশন ও প্রপালশন প্রযুক্তিসম্পন্ন এই ক্ষেপণাস্ত্র সুপারসনিক গতিতে দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতায় আঘাত হানতে সক্ষম।

পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, নতুন এই ক্ষেপণাস্ত্র দেশটির আর্মি রকেট ফোর্স কমান্ডের কার্যক্রম পরিচালনার সক্ষমতা ও আঘাত হানার পরিসর উল্লেখযোগ্যভাবে বাড়াবে। একই সঙ্গে প্রচলিত সামরিক প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী হবে।

তবে ফাতাহ-৩-এর সুনির্দিষ্ট পাল্লা, ওয়ারহেডের ধরন, উৎক্ষেপণের স্থান এবং অন্যান্য কারিগরি বৈশিষ্ট্য বিবৃতিতে প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের গতি ঘণ্টায় প্রায় ৮৮৫ কিলোমিটার হলেও সুপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ২ থেকে ৩ গুণ বা তারও বেশি গতিতে ছুটতে পারে। এর ফলে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এটিকে শনাক্ত করে ধ্বংস করা অত্যন্ত কঠিন।

আইএসপিআর আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন আর্মি রকেট ফোর্স কমান্ডের প্রধান, সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

এদিকে সফল উৎক্ষেপণের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সংশ্লিষ্ট দলকে অভিনন্দন জানিয়েছেন।

এর আগে চলতি মাসের শুরুতে পাকিস্তান বিমানবাহিনী দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ‘ফাআজ’-এর সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করে।

এ ছাড়া গত অক্টোবরেও ফাতাহ-২ নামের বর্ধিত পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পাকিস্তানের সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটিতে উন্নত নেভিগেশন ও আধুনিক অ্যাভিওনিকস প্রযুক্তি রয়েছে।

ধারাবাহিক এসব পরীক্ষা পাকিস্তানের নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নের প্রচেষ্টার অংশ। দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য এবং ভারত-পাকিস্তান প্রতিরক্ষা প্রতিযোগিতার প্রেক্ষাপটে নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সূত্র: ডন

এমএইচআর