Dhaka Mail Logo

আন্তর্জাতিক

কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান 

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। 

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, ‘বুধবার (১৮ নভেম্বর) সকালে কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা  এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল’।

এতে বলা হয়, ‘আলি আল সালেম বিমান ঘাঁটিটি পশ্চিম এশিয়া অঞ্চলে সামরিক বাহিনীর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি, প্রধান বিমান পরিবহন কেন্দ্র এবং প্রবেশদ্বার। এটি এই অঞ্চলে আগ্রাসী মার্কিন সামরিক বাহিনীর কৌশল ও রসদ সরবরাহে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে’।

ইরানের সেনাবাহিনী আরও বলেছে, ‘ইরানকে রক্ষা করার ক্ষেত্রে আমরা কোনো শক্তির কাছে মাথা নত করি না; বরং যেকোনো হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে আমাদের জবাব হবে চূড়ান্ত, চূর্ণকারী এবং ভৌগোলিক সীমাহীন।’

এদিকে কুয়েতের সেনাবাহিনী দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একাধিক ইরানি ড্রোন হামলা প্রতিহত করেছে। তবে হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য জানানো হয়নি।

অন্যদিকে বাহরাইনে একাধিকবার হামলার চেষ্টা হয়েছে বলে দাবি দেশটির সরকার। গত এক সপ্তাহে এ নিয়ে তৃতীয়বারের মতো বাহরাইন ইরানের হামলার শিকার হলো।

বুধবার ভোরে নাগরিকদের সতর্ক করে দুটি জরুরি বার্তা জারি করে বাহরাইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর মিসাইল বা ড্রোন প্রতিহত করার শব্দ শোনা যায়।  পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেওয়া হয়। 

বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের বেশ কয়েকটি হামলা প্রতিহত করেছে।

প্রসঙ্গত, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। ফলে দেশটিতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা ওয়াশিংটনের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডার স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি)। 

ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের অনুপ্রবেশের জবাবে এই অভিযান চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালির কাছে ইরানের কেশম দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। 

মার্কিন কর্মকর্তাদের দাবি, সেখানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। বাহরাইনে মার্কিন স্থাপনায় ইরানের হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়।

তবে ইরানের হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমদ নাফিসি জানিয়েছেন, কেশম দ্বীপে মার্কিন হামলায় আবাসিক, বাণিজ্যিক কিংবা গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।

বিশ্লেষকদের মতে, কেশম দ্বীপে মার্কিন হামলা এবং এর জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

সূত্র: মেহের নিউজ, এপি

এমএইচআর