Dhaka Mail Logo

আন্তর্জাতিক

শি-পুতিনের সঙ্গে বৈঠক করতে চীনে পৌঁছেছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘এক অভূতপূর্ব ত্রিপক্ষীয় বৈঠকে’ যোগ দিতে চীনের শেনজেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ নভেম্বর) ট্রাম্প শেনজেনের বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এর মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে এই প্রথম বিমানবন্দরে কোনো বিদেশি নেতাকে অভ্যর্থনা জানাতে আসলেন তিনি। 

এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শহরটিতে পৌঁছান।

মূলত, শেনজেনে ১৮ থেকে ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের যোগ দিতে চীন গেছেন ট্রম্প ও পুতিন। তবে এপেক সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা প্রথমবারের মতো একই টেবিলে আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় আলোচনায় বসতে যাচ্ছেন। 

এদিকে তিন নেতার মধ্যকার এই বৈঠককে আন্তর্জাতিক কূটনীতিতে নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে পারমাণবিক অস্ত্রের মজুত কমানো, আন্তর্জাতিক নিরাপত্তা, ইরান যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্যিক সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। বিশেষ করে বিশ্বের তিন বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা। তবে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি বা বড় ধরনের সমঝোতা আসবে বলে ওয়াশিংটন আশা করছে না।

এদিকে মঙ্গলবার শেনজেনে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন পুতিন। বৈঠকে পুতিনকে ‘পুরোনো বন্ধু’ হিসেবে অভিহিত করেছেন শি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস জানিয়েছে, দুই ঘণ্টারও বেশি সময় পর শি এবং পুতিনের মধ্যে আলোচনা শেষ হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক পরিস্থিতি। 

অন্যদিকে ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে তিন নেতার আলোচনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কিয়েভ ও ইউরোপের কয়েকটি দেশ। তাদের আশঙ্কা, ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে বড় শক্তিগুলো দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এই বৈঠকের সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে এমন কোনো সিদ্ধান্ত হওয়া উচিত নয়, যেখানে দেশটির নিজস্ব মতামত উপেক্ষিত হয়।

বিশ্লেষকদের মতে, এই বৈঠক শুধু তিন দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয় নয়; বরং বিশ্ব রাজনীতি, পারমাণবিক নিরাপত্তা, ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যের ওপরও এর প্রভাব পড়তে পারে। তবে তিন নেতার মধ্যে মতপার্থক্য থাকায় বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স

এমএইচআর