Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র: পাকিস্তানি নাগরিকের সাড়ে ২৭ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ দেশটির শীর্ষ রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন একটি আদালত। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ফেডারেল আদালতের বিচারক এরিক কোমিটি ৪৮ বছর বয়সী আসিফ মার্চেন্টকে ৩৩০ মাসের কারাদণ্ড দেন। 

মার্কিন বিচার বিভাগ (ডিওজে) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী খুঁজছিলেন মার্চেন্ট। এই পরিকল্পনায় তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালির নামও সম্ভাব্য লক্ষ্য হিসেবে উঠে আসে।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, ২০২০ সালের জানুয়ারিতে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) এই হত্যার পরিকল্পনা করেছিল। 

প্রসিকিউটরদের দাবি, ২০২২ সালের দিকে মার্চেন্টকে আইআরজিসি নিয়োগ করে। পরে ইরানে যাতায়াতের সময় তিনি সংগঠনটির এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। ওই কর্মকর্তা তাকে গোয়েন্দা কার্যক্রম ও পাল্টা নজরদারি সম্পর্কে প্রশিক্ষণ দেন এবং যুক্তরাষ্ট্রে গিয়ে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেন।

২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রে পৌঁছে মার্চেন্ট পরিকল্পনা বাস্তবায়নের জন্য একজন পরিচিত ব্যক্তির সহযোগিতা চান। তবে ওই ব্যক্তি মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানিয়ে গোপন তথ্যদাতা হিসেবে কাজ শুরু করেন। পরে তার মাধ্যমে মার্চেন্টের সঙ্গে যাদের পরিচয় করিয়ে দেওয়া হয়, তারা আসলে এফবিআইয়ের ছদ্মবেশী এজেন্ট ছিলেন।

অভিযোগ অনুযায়ী, হত্যাকাণ্ড বাস্তবায়নের অগ্রিম অর্থ হিসেবে মার্চেন্ট ৫ হাজার ডলার পরিশোধ করেন। তিনি রাজনৈতিক সমাবেশে হামলার পরিকল্পনা নিয়েও আলোচনা করেছিলেন। 

তবে মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগেই বিষয়টি শনাক্ত করায় কোনো হামলা ঘটেনি। ২০২৪ সালের ১২ জুলাই তাকে গ্রেফতার করা হয় এবং চলতি বছরের মার্চে একটি ফেডারেল জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। 

বিচার চলাকালে মার্চেন্ট স্বীকার করেন, তিনি ইরানের আইআরজিসির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে নিজের স্ত্রী ও সন্তানদের নিরাপত্তার আশঙ্কায় বাধ্য হয়ে এই পরিকল্পনায় অংশ নিয়েছিলেন বলে দাবি করেন তিনি। তার এই বক্তব্যের সঙ্গে প্রসিকিউটররা দ্বিমত পোষণ করেন।

রায় ঘোষণার সময় বিচারক এরিক কোমিটি বলেন, কোনো মার্কিন প্রেসিডেন্ট বা জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা অত্যন্ত গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধের গুরুত্ব বিবেচনায় আসামিকে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসিফ মার্চেন্টের আইনজীবী জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তার দাবি, হত্যার পরিকল্পনাটি বাস্তবায়নের সম্ভাবনা খুবই কম ছিল এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত হয়নি।

অন্যদিকে, ইরান ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের অন্য কোনো শীর্ষ কর্মকর্তাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: রয়টার্স

এমএইচআর