Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

পাকিস্তানের বিদ্যমান চারটি প্রদেশ ভেঙে ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের বর্তমান সীমানা পুনর্বিন্যাস করা হতে পারে। পাশাপাশি রাজধানী ইসলামাবাদকে পৃথক প্রাদেশিক মর্যাদা দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

বুধবার (১৮ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল। 

মন্ত্রী বলেন, তিনি ১৪টি প্রদেশ গঠনের একটি পরিকল্পনার কথা শুনেছেন। সেই পরিকল্পনায় পাঞ্জাবকে চারটি, সিন্ধুকে চারটি, খাইবার পাখতুনখোয়াকে তিনটি এবং বেলুচিস্তানকে তিনটি প্রদেশে ভাগ করার কথা বলা হয়েছে।

তবে তিনি স্পষ্ট করেছেন, এটি এখনো কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত নয়। নতুন প্রদেশ গঠনের বিষয়ে আলোচনা এগিয়ে নিতে তিনি গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে একটি কমিটি গঠনের সুপারিশ করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।

এদিকে রাজধানী ইসলামাবাদের প্রশাসনিক কাঠামো পরিবর্তনের বিষয়েও আলাদা প্রস্তাব রয়েছে। 

আহসান ইকবাল জানান, প্রধানমন্ত্রী তাকে রাজধানীর জন্য একটি বিকল্প প্রশাসনিক মডেল তৈরির দায়িত্ব দিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীর শাসনব্যবস্থা পর্যালোচনা করে একটি সমন্বিত মডেল তৈরি করা হয়েছে। এতে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদের বৈশিষ্ট্য একত্র করার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত মডেল অনুযায়ী, ইসলামাবাদে প্রায় ২৫ সদস্যের একটি আইনসভা থাকতে পারে। এতে ২১টি সাধারণ আসন, নারীদের জন্য তিনটি সংরক্ষিত আসন এবং সংখ্যালঘুদের জন্য একটি আসন রাখার কথা রয়েছে। পাশাপাশি একজন মুখ্যমন্ত্রী অথবা মেয়রের নেতৃত্বে রাজধানীর নিজস্ব শাসনব্যবস্থা প্রতিষ্ঠার ধারণাও রয়েছে। ভবিষ্যতে ইউনিয়ন কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত তৃতীয় স্তরের সরকার চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এছাড়া ইসলামাবাদের সীমানা সম্প্রসারণ করে রাওয়ালপিন্ডি বিভাগের আশপাশের কিছু এলাকা অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও আলোচনায় এসেছে। এর মাধ্যমে রাজধানীকে স্বতন্ত্র প্রদেশের মর্যাদা দেওয়ার পথ তৈরি হতে পারে।

পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী মনে করেন, নতুন প্রদেশ গঠনের পেছনে প্রধান যুক্তি হিসেবে উঠে এসেছে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। 

তিনি বলেন, দেশের বর্তমান প্রাদেশিক কাঠামো অত্যন্ত কেন্দ্রীভূত হয়ে পড়েছে। ২০১০ সালে সংবিধানের ১৮তম সংশোধনীর মাধ্যমে প্রদেশগুলোকে অধিক ক্ষমতা দেওয়া হলেও সেই ক্ষমতা স্থানীয় পর্যায়ে যথাযথভাবে পৌঁছায়নি। ফলে স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য নাগরিক সেবা প্রদানে নানা সমস্যা রয়ে গেছে।

এর আগে গত জুলাইয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নতুন প্রশাসনিক ইউনিট গঠনের প্রয়োজনীয়তার কথা প্রকাশ্যে তুলে ধরেন। পরে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ১২ থেকে ১৫টি প্রদেশ গঠনের সম্ভাবনার কথা বলেন। 

আহসান ইকবাল আরও জানান, ২০২৭ সালের মার্চে অনুষ্ঠেয় সিনেট নির্বাচনের আগেই নতুন প্রদেশ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ৯৬ সদস্যের এই উচ্চকক্ষে বর্তমানে চারটি প্রদেশের প্রত্যেকটিকে সমান প্রতিনিধিত্ব দেওয়া হয়।

তিনি বলেন, ‘সিনেট নির্বাচনের পর প্রদেশগুলো প্রতিষ্ঠিত হলে এই সমস্যা দেখা দিতে পারে যে, নতুন প্রদেশগুলো দাবি করতে পারে যে সিনেটে তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব নেই।’ 

বিশ্লেষকদের বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের নতুন প্রদেশ গঠনের বিষয়টি সহজ হবে না। দেশটির সংবিধানের ২৩৯(৪) ধারা অনুসারে, কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে জাতীয় পরিষদ ও সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের পাশাপাশি সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন। এরপর প্রেসিডেন্টের সম্মতি নিতে হবে।

এদিকে সিন্ধু প্রদেশের বিভক্তি নিয়ে দেশটির ক্ষমতাসীন জোটের মধ্যেই তীব্র রাজনৈতিক বিরোধ রয়েছে। বিলাওয়াল ভুট্টো জারদারি নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) সিন্ধুকে বিভক্ত করার বিরোধিতা করে আসছে। 

দলটির নেতারা মনে করেন, নতুন প্রদেশ গঠনের ফলে প্রশাসনিক ব্যয় বাড়বে এবং প্রদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসবে।

অন্যদিকে নতুন প্রদেশ গঠনের ফলে সিনেটের প্রতিনিধিত্ব, রাজস্ব বণ্টন এবং পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়েও জটিলতা তৈরি হতে পারে। প্রদেশের সংখ্যা বাড়লে এই প্রতিনিধিত্বের কাঠামো কীভাবে নির্ধারিত হবে, সেটিও বড় প্রশ্ন।

সূত্র: দ্য নিউজ, আলজাজিরা

এমএইচআর