আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে আন্তোনভ এএন-১২ মডেলের একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ জনের প্রাণহানি ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গভীর রাতে কেমেরোভো অঞ্চলে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বিমানের সব আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ক্রু সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করেছেন। আঞ্চলিক রাজধানী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জ্বালানি ব্যবস্থায় ত্রুটির কারণে বিমানটির চারটি ইঞ্জিনের একটিতে আগুনের সূত্রপাত হয়। এর ফলে উড়োজাহাজটির নিয়ন্ত্রণব্যবস্থা বিকল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত এটি মাটিতে আছড়ে পড়ে।
রুশ সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, জ্বালানি লিকেজ, ইঞ্জিনে অগ্নিকাণ্ড এবং হাইড্রোলিক ব্যবস্থার ত্রুটি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে সামনে এসেছে। সংবাদমাধ্যমটির দাবি, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটির একটি ইঞ্জিন পুড়ে যায় এবং জ্বালানি ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ জন্য তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। পাশাপাশি ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা প্রয়োজনীয় উদ্ধার ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করছেন।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
/এএস