Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান গণহত্যার শামিল ছিল কি না, সেই বিষয়ে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায়কে রোহিঙ্গা সংকটের বিচার ও গণহত্যার জবাবদিহির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) দ্য হেগের পিস প্যালেসে উন্মুক্ত অধিবেশনে রায় পড়া শুরু হবে। 

২০১৯ সালে ৫৭ দেশের জোট, অর্গানাইজেশন অব ইসলামিক কো–অপারেশনের (ওআইসি) সমর্থনে আইসিজে-তে মিয়ানমার সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পশ্চিম আফ্রিকার মুসলিম অধ্যুষিত দেশ গাম্বিয়া। 

গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছিল। ওই অভিযানের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়ার মতো ব্যাপক নৃশংসতার অভিযোগ ওঠে। এর মাধ্যমে দেশটি ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে।

জাতিসংঘের বিভিন্ন তদন্তেও রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ভয়াবহতা উঠে এসেছে। অভিযানের পর অন্তত সাত লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। তাদের বড় একটি অংশ এখনো কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বসবাস করছেন।

এদিকে গাম্বিয়ার পাশাপাশি ১১টি দেশও এ মামলায় বিভিন্ন পর্যায়ে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে— কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, মালদ্বীপ, স্লোভেনিয়া, ডিআর কঙ্গো, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

তবে মিয়ানমার বরাবরই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। 

দেশটির জান্তা সরকারের দাবি, ২০১৭ সালের সামরিক অভিযান কেবল বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।

এরআগে ২০২০ সালের জানুয়ারিতে আইসিজে মিয়ানমারকে রোহিঙ্গাদের সুরক্ষায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ২০২২ সালে আদালত মামলাটি শুনতে নিজের এখতিয়ার রয়েছে বলে রায় দেন। ২০২৬ সালের জানুয়ারিতে মামলার মূল শুনানি শেষ হয়। এরপর বিচারকেরা রায় প্রস্তুতের জন্য আলোচনা শুরু করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই রায় শুধু রোহিঙ্গাদের জন্যই নয়, আন্তর্জাতিক আইন ও ভবিষ্যতের গণহত্যা-সংক্রান্ত মামলাগুলোর জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণে কী ধরনের প্রমাণ গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে আদালতের ব্যাখ্যা নজরে থাকবে।

আইন বিশেষজ্ঞরা এই রায়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবেন, যাতে এমন দিকনির্দেশনা পাওয়া যায় যা মিয়ানমারের বাইরেও প্রভাব ফেলতে পারে; যার মধ্যে রয়েছে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ২০২৩ সালের মামলা। 

পশ্চিম অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইনের অধ্যাপক মেলানি ও'ব্রায়েন বলেছেন, মিয়ানমারের মামলাটিতে ইসরায়েলের বিরুদ্ধে চলা মামলার প্রতিধ্বনি রয়েছে, বিশেষ করে এই যুক্তির ক্ষেত্রে যে, সশস্ত্র গোষ্ঠীগুলোর আক্রমণের বৈধ প্রতিক্রিয়া ছিল সামরিক অভিযান।

প্রসঙ্গত, আইসিজের রায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর জন্য আইনগতভাবে বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই। ফলে রায় বাস্তবায়ন এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স, আলজাজিরা

এমএইচআর