আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
জাতীয় নিরাপত্তা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ এবং অনলাইনে উগ্রবাদী ও অবৈধ কনটেন্টে প্রচারের অভিযোগে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ জর্ডান এবং ইরাক।
সোমবার (১৬ নভেম্বর) জর্ডানের জননিরাপত্তা অধিদফতরের (পিএসডি) এক বিবৃতিতে বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার করে সাইবার অপরাধ, হুমকি, ব্ল্যাকমেইল এবং আইনবিরোধী কনটেন্ট ছড়ানোর ঝুঁকি মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টেলিগ্রামের উগ্রবাদ ও চরমপন্থা ছড়ানোর প্রচেষ্টা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছে জর্ডান কর্তৃপক্ষ।
সাম্প্রতিক সময়ে কয়েকটি হামলার ঘটনার পর জর্ডানের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা এলো। গত মাসে দেশটির কারাক গভর্নরেটের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় হামলায় নয়জন নিহত হন। ওই ঘটনায় জড়িত থাকার দায়ে রোববার তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেন আদালত।
এছাড়া গত ৫ নভেম্বর রাজধানী আম্মানে ছুরিকাঘাতের ঘটনায় এক নিরাপত্তা কর্মকর্তা নিহত এবং আরেকজন আহত হন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এদিকে একই দিনে ইরাকও টেলিগ্রামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।
দেশটির যোগাযোগ ও গণমাধ্যম কর্তৃপক্ষের অভিযোগ, টেলিগ্রাম কর্তৃপক্ষ প্ল্যাটফর্মে প্রচারিত আইনবিরোধী কনটেন্ট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি এবং ইরাকি আইন মেনে চলেনি। টেলিগ্রামকে ইরাকি বিষয়বস্তু পর্যালোচনা করতে এবং লঙ্ঘন প্রতিরোধে ব্যবস্থা নিতে বাধ্য করার উদ্দেশ্যেই এই অবরোধ আরোপ করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটিকে ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।
ইরাকে এর আগেও ২০২৩ সালে জাতীয় নিরাপত্তা ও ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার কথা উল্লেখ করে টেলিগ্রাম বন্ধ করা হয়েছিল। তবে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পর এক সপ্তাহের মধ্যে অ্যাপটির ব্যবহার পুনরায় চালু হয়।
প্রসঙ্গত, ২০১৩ সালে রুশ বংশোদ্ভূত উদ্যোক্তা পাভেল দুরভ টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন। এতে গোপনীয়তা রক্ষার জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা থাকায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে অ্যাপটি বেশ জনপ্রিয়।
জর্ডান ও ইরাকের সিদ্ধান্তের বিষয়ে টেলিগ্রাম তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
সূত্র: আলজাজিরা
এমএইচআর