Dhaka Mail Logo

আন্তর্জাতিক

৮ ইসরায়েলি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণ ও সম্প্রসারণে সহায়তার অভিযোগে আটটি ইসরায়েলি নির্মাণ ও আবাসন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে কট্টর ডানপন্থী ও চরমপন্থী ইসরায়েলি সংগঠন ‘তজাভ ৯’-এর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘দরপত্রে অংশ নেবেন না, নির্মাণ করবেন না এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ধ্বংস করে মুনাফা করবেন না।’

ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা আটটি প্রতিষ্ঠান পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণের জন্য নির্মাণ, আবাসন উন্নয়ন ও অবকাঠামো পরিকল্পনার সঙ্গে যুক্ত। এসব প্রতিষ্ঠানের অর্থায়নের প্রবাহ বাধাগ্রস্ত করা এবং ভবিষ্যতে বসতি নির্মাণে তাদের সক্ষমতা কমানোই নিষেধাজ্ঞার উদ্দেশ্য।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি, হেমদাত শোমরন, এসএজি (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, লেভ হার হার, হারে জাহাভ, আরিয়েল রেসিডেনশিয়াল জুডিয়া অ্যান্ড সামারিয়া, আমি গিভির্টজম্যান আর্কিটেক্টস এবং জেডএফ বিল্ডিং কোম্পানি।

নিষেধাজ্ঞার ফলে এসব প্রতিষ্ঠানের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের যুক্তরাজ্যভিত্তিক কোম্পানির পরিচালক হওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে ইউরোপীয় দেশগুলোর সমালোচনার মধ্যেই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। বিশেষ করে পূর্ব জেরুজালেমের কাছাকাছি ই১ এলাকায় নতুন বসতি নির্মাণের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। ওই এলাকায় এক হাজার ২০০টির বেশি নতুন আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে ইসরায়েলের।

জাতিসংঘ বলছে, ই১ প্রকল্প বাস্তবায়িত হলে একটি সংলগ্ন ও কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রকল্পটি পশ্চিম তীরকে পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন করার আশঙ্কা তৈরি করছে।

এদিকে গাজায় মানবিক সহায়তা বহনকারী গাড়িবহর আটকে দেওয়ার অভিযোগে ইসরায়েলি সংগঠন তজাভ ৯-এর ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সংগঠনটি গাজায় খাদ্য, পানি ও জ্বালানিসহ জরুরি ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার কর্মসূচিতে যুক্ত বলে অভিযোগ করেছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা জরুরি মানবিক সহায়তা আটকে দিয়ে বেসামরিক মানুষের অসহনীয় দুর্ভোগ বাড়াচ্ছে, তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা নীরব থাকব না।’

গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটিশ পররাষ্ট্র দফতর।  

জাতিসংঘের তথ্য উদ্ধৃত করে ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানিয়েছে, মানবিক সহায়তা সংস্থা ও দাতাদের কেনা এক লাখ ৫০ হাজারের বেশি তাঁবু এবং তিন লাখ ত্রিপল গাজার বাইরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ সেগুলো আটকে রেখেছে। 

ব্রিটিশ সরকারের হিসাব অনুযায়ী, সাম্প্রতিক বন্যায় গাজার প্রায় চার হাজার পরিবার আশ্রয়হীন হয়েছে। বর্তমানে প্রায় ১৪ লাখ মানুষ তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে।

উল্লেখ্য, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে আন্তর্জাতিক আইনবিরোধী বলে মনে করে যুক্তরাজ্য। এসব বসতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে দুর্বল করছে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করে আসছে দেশটি। একই সঙ্গে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে এর আগেও কয়েক দফায় নিষেধাজ্ঞা আরোপ করেছে লন্ডন।

সূত্র: আলজাজিরা, ডন

এমএইচআর