আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও ‘খুব কঠিন মানুষ’ (ভেরি টাফ ম্যান) বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ‘আরও বেশি কঠিন’ হতে পারেন বলে অভিহিত করেছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় কোয়াড সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের পাশে দাঁড়িয়ে এ মন্তব্য করেন তিনি।
মোদির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘তিনি (মোদি) একজন খুব কঠিন মানুষ।’
এরপর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আর তিনি হয়তো আরও বেশি কঠিন।’
এ সময় ট্রাম্প অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কথাও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘এই মানুষগুলোর সঙ্গে এবং তাদের দেশগুলোর সঙ্গে আমাদের দারুণ সম্পর্ক রয়েছে। শুরু থেকেই। আমি দীর্ঘদিন ধরে তাদের তিনজনের সঙ্গে পরিচিত। তারা অসাধারণ মানুষ। তারা আমার বন্ধু।’
প্রসঙ্গত, কোয়াড হলো ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার একটি কৌশলগত জোট। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, কৌশলগত সহযোগিতা, বাণিজ্য ব্যবস্থা জোরদার করাই এই জোটের অন্যতম প্রধান উদ্দেশ্য।
ট্রাম্পের বর্তমান মেয়াদে প্রথম কোয়াড নেতাদের সম্মেলন। ২০২৪ সালের পর এই প্রথম চার দেশের নেতারা সশরীরে একসঙ্গে বৈঠকে বসেছেন।
উল্লেখ্য, এরআগেও ভারতের প্রধানমন্ত্রী মোদির এই ধরণের প্রশংসা করেছে ট্রাম্প। চলতি বছরের শুরুতে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদিকে ‘মহান নেতা’, ‘খুব শক্ত মনের মানুষ’ বলে অভিহিত করেছিলেন তিনি।
ট্রাম্প আরও বলেছিলেন, ‘সারাজীবন আমি ভারতের দিকে তাকিয়ে দেখেছি, তারা শুধু পরিবর্তনই করে গেছে। কেউ থাকত, ছয় মাস বা এক বছরের জন্য থাকত। আর তারপর হঠাৎ করেই প্রধানমন্ত্রী মোদি সেখানে চলে আসেন। তিনি ১২ বছরেরও বেশি সময় ধরে সেখানে আছেন, অত্যন্ত কঠিন’।
সূত্র: এনডিটিভি
এমএইচআর