আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে বিশ্বে সবচেয়ে বেশি দায়ী দেশ হিসেবে উঠে এসেছে- রাশিয়া, সৌদি আরব ও অস্ট্রেলিয়ার নাম। ১৮৫০ সাল থেকে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ওপর ভিত্তি করে একটি বিশ্লেষণ অনুযায়ী এই তালিকা করা হয়েছে।
কয়লা, তেল ও গ্যাসের বিশাল মজুদের কারণে জীবাশ্ম জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। ২০২৫ সালের শেষ নাগাদ, রাশিয়া থেকে রপ্তানিকৃত জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে ৭০ গিগাটনেরও বেশি কার্বন ডাই-অক্সাইড উৎপন্ন হয়েছে।খেবর দ্য গার্ডিয়ানের।
বিশ্বের অন্যতম বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ সৌদি আরব রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে, তাদের রপ্তানিকৃত জীবাশ্ম জ্বালানি থেকে প্রায় ৬০ গিগাটন কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে।
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনগুলোতে দেশটি দীর্ঘদিন ধরেই একটি বাধা সৃষ্টিকারী শক্তি হিসেবে ভূমিকা পালন করে আসছে।
তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। শীর্ষ দুটি দেশের তুলনায় অনেক পিছিয়ে থাকলেও, তাদের রপ্তানিকৃত জীবাশ্ম জ্বালানির মাধ্যমে ২৫ গিগাটনেরও বেশি কার্বন ডাই-অক্সাইড নির্গত হয়েছে, যা ভেনেজুয়েলার পরিসংখ্যানের খুব কাছাকাছি।
এমন এক সময়ে এই তথ্য সামনে এল, যখন অস্ট্রেলিয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ৩১’)-এর সভাপতিত্ব করছে; সম্মেলনটি এ বছর তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে।
অস্ট্রেলিয়া এখনো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বা রপ্তানি বন্ধের কোনো সময়সীমা নির্ধারণ করেনি, অথচ তাদের রপ্তানি অর্থনীতির প্রায় দুই-পঞ্চমাংশই আসে এই জীবাশ্ম জ্বালানি থেকে।

‘মেক পলিউটরস পে ইন্টারন্যাশনাল কোয়ালিশন’ -এর আহ্বায়ক লুইস হাচিন্স বলেন, এই বিশ্লেষণটি জলবায়ু বিষয়ক আলোচনার মূল সমস্যাগুলো স্পষ্ট করে দেয়। কপ৩১ সম্মেলনে সরকারগুলো দাবি করছে যে, জলবায়ু সংকট মোকাবিলার জন্য পর্যাপ্ত অর্থ নেই।
অথচ অস্ট্রেলিয়া, রাশিয়া ও সৌদি আরবের মতো দেশগুলো, যারা জীবাশ্ম জ্বালানি থেকে বিপুল সম্পদ অর্জন করেছে।
এই বিশ্লেষণে আরও দেখা যায় যে, যুক্তরাষ্ট্র ও চীন—যারা বর্তমানে বিশ্বের বৃহত্তম দুই গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ—কার্বন নিঃসরণের ক্ষেত্রে রাশিয়া, সৌদি আরব বা অস্ট্রেলিয়ার চেয়েও বেশি দায়ী। এর কারণ হলো, তারা বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানি আমদানির পাশাপাশি নিজেদের মজুত করা জ্বালানিও পুড়িয়েছে।
২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘের 'কপ-২৮' (COP28) সম্মেলনে সব দেশকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বৈশ্বিক প্রক্রিয়ায় অবদান রাখার আহ্বান জানানো হয়েছিল, তবে এর জন্য কোনো সময়সীমা বা কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়নি।
সোমবার (১৬ নভেম্বরে) বিকেলে 'কপ-৩১' (COP31) সম্মেলনে অস্ট্রেলিয়া একটি খসড়া প্রস্তাব পেশ করে, যেখানে "জ্বালানি ব্যবস্থায় জীবাশ্ম জ্বালানি থেকে অবিলম্বে সরে আসার" আহ্বান জানানো হয়েছে।
'ক্লাইমেট অ্যানালিটিক্স' নামে একটি থিঙ্কট্যাঙ্ক মঙ্গলবার একটি পৃথক বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে দেখা যায়, 'কপ-৩১'-এর সভাপতিত্বে থাকা সত্ত্বেও অস্ট্রেলিয়ার নিজস্ব জীবাশ্ম জ্বালানি উত্তোলন কমানোর কোনো পরিকল্পনা নেই।
এমনকি নতুন কয়লা খনি স্থাপনের অনুমতিও দেওয়া হচ্ছে, যা ২০৮৮ সাল পর্যন্ত চালু থাকবে। অথচ শতাব্দীর মাঝামাঝি সময়ের মধ্যেই সব দেশের 'নেট জিরো' বা শূন্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পর্যায়ে পৌঁছানোর কথা রয়েছে।
‘ক্লাইমেট অ্যানালিটিক্স’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিল হেয়ার বলেন, এটি অত্যন্ত স্পষ্ট যে, গত সপ্তাহে তুরস্কে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যে দাবি করেছিলেন—অস্ট্রেলিয়া তার ‘দায়িত্ব পালন করছে’—তা সঠিক নয়।
সরকারের অবস্থানের মধ্যে একটি গভীর স্ববিরোধিতা রয়েছে, একদিকে তারা বিদেশে জলবায়ু বিষয়ক উচ্চাকাঙ্ক্ষার কথা বলে, অন্যদিকে জীবাশ্ম জ্বালানি রপ্তানি অব্যাহত রাখার পরিকল্পনা করে। তারা কয়লা খনি ও গ্যাসক্ষেত্রের অনুমোদন দিচ্ছে, যা আগামী কয়েক দশক ধরে জীবাশ্ম জ্বালানি উৎপাদনকে নিশ্চিত করে ফেলছে।
সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ‘দ্য গার্ডিয়ান’-কে জানিয়েছেন যে, বৈশ্বিক কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের প্রায় ১ শতাংশ সৌদি আরবের ভূখণ্ড থেকে হয়েছে। তিনি বলেন, সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করে, যাতে তাদের চাহিদা পূরণ করা যায়।
--এমএমএস