Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে যোগসাজশ, ৬৪ শিয়া আলেমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ ও সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন শিয়া মুসলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে প্রায় ৬০ জনই ধর্মীয় নেতা। একই মামলায় আরও পাঁচজনকে ১৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বাহরাইনের হাইকোর্ট এ রায় দেন। 

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা বাহরাইন ইনস্টিটিউট ফর রাইটস অ্যান্ড ডেমোক্রেসি (বিআইআরডি) জানিয়েছে, গত ৫ জুলাই শুরু হওয়া এ মামলায় মোট ৬৯ জনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে ৬০ জন শিয়া আলেম এবং বাকি নয়জন ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি। 

বিআইআরডির তথ্য অনুযায়ী, ১৩ জনকে তাদের অনুপস্থিতিতে বিচার করা হয়েছে। তাদের মধ্যে দেশটির শিয়া সম্প্রদায়ের প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ঈসা কাসেমও রয়েছেন। তিনি ২০১৮ সাল থেকে ইরানে বসবাস করে আসছেন।

বাহরাইনের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, অভিযুক্তরা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের বিরুদ্ধে সংবিধান স্থগিত এবং দেশটির শাসনব্যবস্থা উৎখাতের প্রচেষ্টার অভিযোগও আনা হয়।

মামলায় কয়েকজন আসামিকে সর্বোচ্চ এক লাখ বাহরাইনি দিনার পর্যন্ত জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে আট মিলিয়নের বেশি বাহরাইনি দিনার, যা প্রায় ২ কোটি ১০ লাখ ডলারের সমপরিমাণ, জব্দ করে দাতব্য কাজে ব্যবহারের নির্দেশ দিয়েছে আদালত।

রায়ের পর মানবাধিকার সংগঠনগুলো বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিয়ে উদ্বেগ জানিয়েছে। 

বিআইআরডি অভিযোগ করেছে, মামলার আসামিদের কয়েকজনকে নির্যাতন, দীর্ঘ সময় চোখ বেঁধে রাখা, ঘুম থেকে বঞ্চিত করা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে। এমনকি কয়েকজনকে জোর করে স্বীকারোক্তি দিতে বাধ্য করার অভিযোগও উঠেছে।

তবে বাহরাইনের কর্তৃপক্ষের বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বরং সুনির্দিষ্ট অপরাধের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাহরাইন একটি সুন্নি শাসিত রাজতন্ত্র হলেও দেশটিতে উল্লেখযোগ্যসংখ্যক শিয়া মুসলিম জনগোষ্ঠী রয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির শিয়া সম্প্রদায় রাজনৈতিক ও সামাজিক বৈষম্যের অভিযোগ করে আসছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে। এর পর থেকে ইরানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাহরাইনসহ কয়েকটি উপসাগরীয় দেশে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। বাহরাইনে মে ও জুন মাসেও কয়েক দফায় ৭০ জনের বেশি শিয়া ধর্মীয় নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

সূত্র: ডন, রয়টার্স

এমএইচআর