আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
পশ্চিমবঙ্গের মানুষের দৈনন্দিন সামাজিক সম্পর্ক ও কথাবার্তায় নতুন বিধিনিষেধ আরোপের পরামর্শ দিয়েছেন বিজেপির এক নেতা।
অবিবাহিত বা আত্মীয়তার সম্পর্ক নেই— এমন নারীদের ‘বৌদি’ বা ‘ভাবি’ বলে সম্বোধন না করা এবং বন্ধুদের বাড়িতে আমন্ত্রণ জানানো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।
তার মতে, এসব সামাজিক রীতি ধীরে ধীরে বন্ধ করা গেলে সমাজ থেকে নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড দূর করা সম্ভব হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজেপির মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সম্পাদক বিষ্ণুচরণ সিকদার গত রোববার (১৫ নভেম্বর) হরিহরপাড়া এলাকার ভবানীপুর গ্রামে এক সমাবেশে এসব পরামর্শ দেন।
বিষ্ণুচরণের বক্তব্য অনুযায়ী, ‘বৌদি-ভাবি সংস্কৃতি’ বন্ধ করা প্রয়োজন। তার দাবি, আত্মীয়তার সম্পর্ক না থাকা সত্ত্বেও নারীদের এভাবে সম্বোধন করা থেকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সামাজিক আচরণের সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, যাদের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে, শুধু তারাই কোনো নারীকে ‘বৌদি’ বলে সম্বোধন করতে পারবেন। অন্যদের ক্ষেত্রে ‘দিদি’ বা ‘বোন’ বলতে হবে।
চাইলে নারীর নাম ধরেও ডাকা যেতে পারে। কেউ ‘বৌদি’ বলে সম্বোধন করলে নারীদেরও ভদ্রভাবে সংশোধন করে ‘দিদি’ বলে ডাকতে বলার পরামর্শ দিয়েছেন তিনি।
শুধু সম্বোধন নয়, বন্ধুদের বাড়িতে আসা-যাওয়া নিয়েও আপত্তি জানিয়েছেন এই বিজেপি নেতা। তার পরামর্শ, তরুণদের বন্ধুদের বাড়িতে ডাকা উচিত নয়। কোনো বন্ধু বাড়িতে আসার কথা জানালে তাকে চায়ের দোকান, মন্দির কিংবা ক্লাবে দেখা করার কথা বলতে হবে।
বিষ্ণুচরণের যুক্তি, সমাজ থেকে ‘বন্ধু সংস্কৃতি’ ধীরে ধীরে তুলে দিতে পারলে নানা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে।
তার এসব বক্তব্যের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, ‘বৌদি’ ও ‘ভাবি’ সম্বোধন হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যেই প্রচলিত সামাজিক রীতি। মানুষের সম্বোধন পরিবর্তন করলেই সমাজের পরিবর্তন হবে না।
এদিকে, বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি সৌমেন মণ্ডলও বিষ্ণুচরণের বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন।
তার মতে, এটি ওই নেতার ব্যক্তিগত মতামত। ভারতীয় সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে মা, দিদি, বোন ও বৌদি— সব ধরনের সম্বোধনেরই জায়গা রয়েছে। তাই তিনি এই প্রস্তাবের সঙ্গে একমত নন।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হাস্যরস ও সমালোচনা শুরু হয়েছে। এক্সে (সাবেক টুইটার) এক ব্যবহারকারী বিষ্ণুচরণের বক্তব্যকে ব্যঙ্গ করে লিখেছেন, বাড়িতে কীভাবে চলতে হবে, সে বিষয়ে বিজেপির এই নেতা নতুন নিয়ম জারি করেছেন।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আরেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘আজ যে বন্ধু, কাল সে শুভেন্দু হতে পারে।’
পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়ার রাজনৈতিক যাত্রাকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেন তিনি।
-এমএমএস