Dhaka Mail Logo

আন্তর্জাতিক

চীনে কিম জং উনের সঙ্গে বৈঠক হতে পারে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৫ এএম

চীনে চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপেক সম্মেলনে যোগ দিতে চীন সফরের আগে সোমবার তিনি এ কথা জানান। তবে কিমের উপস্থিতি নির্ভর করছে চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সিদ্ধান্তের ওপর। বৈঠকটি হলে সাত বছর পর আবারও মুখোমুখি হবেন ট্রাম্প ও কিম।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে কয়েক দফা বৈঠক করেছিলেন ট্রাম্প। সরাসরি কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রে ওই বৈঠকগুলো ছিল নজিরবিহীন। তবে এসব উদ্যোগ কিমকে তার পারমাণবিক অস্ত্র ত্যাগে রাজি করাতে ব্যর্থ হয়।

বর্তমান মেয়াদেও কিমের সঙ্গে আবার বৈঠকের আগ্রহের কথা বারবার জানিয়েছেন ট্রাম্প। তবে এর আগেও এশিয়া সফরের সময় কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত সেই বৈঠক হয়নি।

অন্যদিকে, উত্তর কোরিয়া বলেছে, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন তারা দেখছে না। একই সঙ্গে ওয়াশিংটনের বৈরী নীতিরও সমালোচনা করেছে পিয়ংইয়ং।

সোমবার হোয়াইট হাউস থেকে ফিলিপাইন ও চীনের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, বৈঠক হলে সেটি চীনেই হবে। তবে কিমের উপস্থিতি শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

তিনি আরও বলেন, ‘(সি জিন পিং) এখানে এসেছিলেন... আর আমরা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করতে যাচ্ছি। কিম জং উনের সঙ্গেও আমাদের বৈঠক হতে পারে। তাহলে ভালোই হবে। অনেক কিছু অর্জনের সুযোগ আমাদের রয়েছে।’

কিমের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তিনি আসতে পারেন। আমি জানি না। বিষয়টি প্রেসিডেন্ট সি জিন পিংয়ের ওপর নির্ভর করছে।’

ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে মন্তব্য জানতে জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো সাড়া দেয়নি।

এদিকে, সোমবার ক্রেমলিন জানিয়েছে, এ সপ্তাহে চীনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে পুতিন, ট্রাম্প ও সি জিন পিংয়ের সম্ভাব্য বৈঠক বিশ্ব পরিস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, সি জিন পিং ও পুতিনের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান ও ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বাণিজ্য ও অর্থনীতি নিয়ে আলোচনা করবেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ও বিশ্লেষকেরা এ বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনাকে কম গুরুত্ব দিচ্ছেন। সূত্র: রয়টার্স।

এমআর