Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রা, ইরান যুদ্ধ দীর্ঘ না করার ঘোষণা ভ্যান্সের

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ এএম

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনে হুতিদের সামরিক তৎপরতা বেড়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের এলাকা থেকে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী সরে গিয়ে এডেনের নিরাপত্তা জোরদারে মনোযোগ দিয়েছে। 

অন্যদিকে, ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, এই যুদ্ধ কোনোভাবেই ‘চিরস্থায়ী যুদ্ধে’ পরিণত হবে না।

রোববার (১৫ নভেম্বর) ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছের ধুবাব বিমানবন্দর ও এর আশপাশের একটি এলাকা থেকে তারা নিজেদের অবস্থান সরিয়ে নিয়েছে। 

এডেন ও দক্ষিণাঞ্চলীয় প্রতিবেশী প্রদেশগুলোর নিরাপত্তা জোরদার করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুতিদের সামরিক চাপ বাড়তে থাকায় বাহিনীটি এ পদক্ষেপ নিয়েছে।

এদিকে, হুতি যোদ্ধাদের অব্যাহত চাপের মুখে সৌদি আরব তাদের জোটবাহিনীর দায়িত্বে থাকা কমান্ডার পরিবর্তন করেছে। ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনীর সঙ্গে হুতিদের সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। নৌমাইনের সঙ্গে সংঘর্ষের পর চারটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়। একই সময়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, দেশটির কেশম দ্বীপের কাছে উড়তে থাকা যুক্তরাষ্ট্রের একটি ড্রোন তারা জব্দ করেছে।

এ ছাড়া, মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি অবস্থান করছে। নতুন করে ইরানে হামলার আশঙ্কার মধ্যে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরদার হলো।

এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের যুদ্ধ দীর্ঘায়িত না করার বক্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ দুই বছর পর্যন্তও গড়াবে না।

সূত্র: আলজাজিরা

এআরএম