Dhaka Mail Logo

আন্তর্জাতিক

রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র খুলবে ইউরোপের ৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর ২০২৬, ০৭:২০ এএম

অভিবাসন নিয়ন্ত্রণ ও অবৈধভাবে অবস্থানরত অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচটি দেশ। এরই অংশ হিসেবে ২০২৭ সালে আফ্রিকার দেশ রুয়ান্ডায় অভিবাসীদের জন্য একটি ‘রিটার্ন হাব’ বা ফেরত পাঠানোর কেন্দ্র চালু করতে যাচ্ছে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস। যেসব অভিবাসীর সংশ্লিষ্ট দেশগুলোতে বৈধভাবে থাকার সব আইনি সুযোগ শেষ হয়েছে, কেবলমাত্র তাদেরকেই এই কেন্দ্রে পাঠানো হবে। ডাচ ও ডেনিশ সরকারের পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

চুক্তি অনুযায়ী, রুয়ান্ডায় পাঠানো অভিবাসীরা চাইলে দেশটির সমাজে একীভূত হয়ে বসবাস করতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

পাঁচ দেশের এই উদ্যোগের আওতায় শুধু সেই অভিবাসীরাই পড়বেন, যারা সংশ্লিষ্ট দেশগুলোতে বৈধভাবে থাকার সব আইনি সুযোগ শেষ করেছেন। এর সঙ্গে যুক্তরাজ্যের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা চুক্তির পার্থক্য রয়েছে। ওই চুক্তিতে আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াকরণের জন্য রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা ছিল।

আইনি চ্যালেঞ্জের কারণে যুক্তরাজ্যের ওই চুক্তি কখনোই বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার পার্টির সরকার সেটি বাতিল করে দেয়।

তবে নতুন এ উদ্যোগে যুক্তরাজ্যও যুক্ত হতে পারে কি না, সে বিষয়ে এখনো সম্ভাবনা উড়িয়ে দেয়নি ডাউনিং স্ট্রিট। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি তারা ‘আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ’ করবে।

নেদারল্যান্ডস সরকার জানিয়েছে, কোনো অভিবাসীকে তার নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবেও এ কেন্দ্র ব্যবহার করা হবে।

এদিকে রুয়ান্ডায় অভিবাসীদের ফেরত পাঠানোর কেন্দ্র স্থাপনের পরিকল্পনার সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, স্পেনের টেলিভিশন চ্যানেল টেলিসিনকোকে তিনি বলেন, এ পরিকল্পনার মধ্যে কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখছেন না তিনি। সানচেজ বলেন, ‘আমি এর মধ্যে কোনো ভবিষ্যৎ বা মানবিকতা দেখি না। এটি কোনো সমাধান নয়।’

পাঁচটি দেশ বলছে, অভিবাসীদের ইউরোপের বাইরে পাঠানোর এ পরিকল্পনা ইইউ ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এ উদ্যোগ অভিবাসীদের অধিকার লঙ্ঘন করতে পারে।

সম্প্রতি ইইউর অভিবাসন নীতিতে সংস্কারের পর জোটের বাইরের দেশগুলোতে এ ধরনের কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে।

সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়প্রার্থীদের ব্যবস্থাপনার ওপর চাপ কমানো এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের বিপজ্জনক যাত্রার ব্যবস্থা করা মানব পাচারকারীদের কার্যক্রম বন্ধ করাই পাঁচ দেশের এ উদ্যোগের লক্ষ্য।

নেদারল্যান্ডস সরকারের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে শুধু ‘অবিবাহিত পুরুষদের’ নিজ দেশ থেকে সরিয়ে রুয়ান্ডায় পাঠানো হবে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে রুয়ান্ডার একই অঞ্চলের দেশগুলো থেকে আসা অভিবাসীদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।

রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা দেশটির সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন। এর অর্থ, তারা সেখানে বসবাসের অধিকার পাবেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রমবাজার ও আইনি ব্যবস্থায় প্রবেশের সুযোগও থাকবে।

রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেছেন, অভিবাসীদের জন্য নিরাপদ, আইনসম্মত ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ।

তিনি আরও বলেন, ‘অর্থনৈতিক সুযোগ-সুবিধার বৈশ্বিক বৈষম্য দূর করার’ বিষয়েও তারা কাজ করবেন। তার মতে, অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান কারণ এই অর্থনৈতিক বৈষম্য।

ঘোষণার আগে কূটনৈতিক সূত্রের বরাতে এএফপি জানিয়েছিল, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে এ কেন্দ্র চালু হতে পারে। সেখানে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখা হবে। পাঁচটি দেশের প্রতিটি দেশ থেকে প্রায় ২০ জন করে অভিবাসী পাঠানোর সম্ভাবনা রয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ উদ্যোগে সহায়ক ভূমিকা পালন করতে পারে।

আইওএমের এক মুখপাত্র বলেন, ‘যাতায়াতের মধ্যবর্তী বিভিন্ন পরিস্থিতিতে থাকা অভিবাসীদের সহায়তা দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আইওএমের। জটিল পরিস্থিতিতেও এ ধরনের সহায়তা দিয়ে আসছে সংস্থাটি।’

তিনি আরও জানান, ফেরত পাঠানোর কেন্দ্র বা এ ধরনের বিকল্প ব্যবস্থা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে কয়েকটি ইইউ দেশের সঙ্গে তাদের আলোচনা চলছে।

ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশে নির্বাচন সামনে থাকায় অভিবাসন নিয়ন্ত্রণে নিজেদের সক্ষমতা প্রমাণের চাপের মুখে রয়েছে দেশগুলোর সরকার।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অর্থনৈতিক সংকট এবং ক্ষমতাসীন দলগুলোর প্রতি মানুষের হতাশা—সব মিলিয়ে নিজ দেশ ছেড়ে অন্য দেশে যাওয়া মানুষের বিষয়ে জনমত গঠনে বড় ভূমিকা রাখছে।

তবে রুয়ান্ডাকে এ কেন্দ্রের জন্য বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটির জ্যেষ্ঠ আফ্রিকা গবেষক ক্লেমেন্টিন দ্য মন্টজোয়া বলেন, ভিন্নমত দমনে রুয়ান্ডার দীর্ঘদিনের রেকর্ড রয়েছে। এ ছাড়া সেখানে বিনা বিচারে আটক, কারাগারে নির্যাতন এবং প্রতিবেশী দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগও রয়েছে।

তিনি বলেন, ‘অভিবাসীদের বহিষ্কারের কর্মসূচি পরিচালনার জন্য কিগালিকে অর্থ দেওয়া হলে শুধু বহিষ্কৃত ব্যক্তিরাই দুর্ভোগ ও ক্ষতির শিকার হবেন না; বরং নিজ দেশে ও দেশের বাইরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী একটি সরকারকে অর্থায়ন এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ করে দেওয়া হবে।’

ইইউর স্বাধীন সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটসও বলেছে, ফেরত পাঠানোর কেন্দ্র পরিচালনার দায়িত্ব পাওয়া যেকোনো তৃতীয় দেশকে মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে, কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না, যেখানে তিনি নিপীড়নের গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন।

সংস্থাটি আরও বলেছে, অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক শিশুদের এ ধরনের কেন্দ্রে পাঠানো উচিত নয়। নেদারল্যান্ডস সরকারও নিশ্চিত করেছে, তাদের পরিকল্পনায় শিশুদের পাঠানোর কোনো ব্যবস্থা রাখা হয়নি।

ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত দিয়ে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৯ শতাংশ কম।

গত অক্টোবরে প্রায় ১৮ হাজার ১০০টি অনিয়মিত সীমান্ত অতিক্রমের ঘটনা শনাক্ত হয়। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় এ সংখ্যা ৬ শতাংশ কম হলেও সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি। মূলত পশ্চিম আফ্রিকার রুট দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অক্টোবরে এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সূত্র: বিবিসি।

এমআর