Dhaka Mail Logo

আন্তর্জাতিক

নেতানিয়াহু আর এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না: আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকট। নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে আরব দল রাআমের সদস্যদের হয়রানি ও নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠার পর তিনি বলেছেন, নেতানিয়াহু আর এক মিনিটও সরকারপ্রধানের পদে থাকার যোগ্য নন।

ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইজেনকট রোববার তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। এর কয়েক ঘণ্টা আগেই জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে দুই নেতার প্রতিনিধিরা বৈঠক করেন।

সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) দেওয়া এক পোস্টে আইজেনকট লেখেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’

এর আগে রোববার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এক প্রতিবেদনে অভিযোগ করে, গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) পার্টির কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের কার্যালয়ে অভিযোগ করেছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক কথিত গোয়েন্দা সূত্রের কাছে পাঠান, যিনি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন।

ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোট দেওয়ার জন্য ঘুষ দেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয় বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর নির্বাচনের দিনজুড়ে আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান নেতানিয়াহু। এসব দল রেকর্ড ১৯টি আসনে জয়ী হওয়ার পর তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন। তবে এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।

পুলিশ পরে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন বলে নিশ্চিত হলে ওই তিন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও অভিযোগ করা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ভোটে হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন ফিলিস্তিনি-ইসরায়েলি সংসদ সদস্যের ফোনে আড়িপাতার অনুমতি চেয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আবেদন করেছিলেন। তবে পরে সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

সাবেক সেনাপ্রধান আইজেনকট বলেন, ‘আমি এই ঘটনার অবিলম্বে তদন্ত দাবি করছি। পাশাপাশি প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে।’

এদিকে নেতানিয়াহুর দল লিকুদ আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘উস্কানিমূলক ও আপত্তিকর’ বলে আখ্যা দিয়েছে।

এর আগে শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনের সময় নেতানিয়াহু ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারণায় উস্কানি দিয়েছেন।

শনিবার নেতানিয়াহু আবারও আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তবে বিরোধীদলীয় নেতা এ আহ্বানকে ‘ব্লাফ’ বা লোকদেখানো কৌশল বলে অভিহিত করেন।

তবে যৌথ সরকার গঠনের প্রস্তাব নিয়ে নিজের দল ইয়াশার ও নেতানিয়াহুর দল লিকুদের মধ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন আইজেনকট।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন এখনো নিশ্চিত করতে পারেনি নেতানিয়াহু কিংবা আইজেনকটের কোনো জোটই। সূত্র: আল জাজিরা।

এমআর