আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৬, ০১:০৮ পিএম
পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গিদের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। গত দু’দিনে অন্তত ২৪ জন জঙ্গিকে নিহত হয়েছে বলে দাবি ইসলামাবাদের।
তবে জঙ্গিদমন অভিযানে এক মেজর-সহ চার পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন। মেজর ওমর মিনহাজ নাসির এবং হাবিলদার মহম্মদ আদনান খান বেলুচিস্তানে সশস্ত্র কোয়াডকপ্টার হামলায় নিহত হন। খবর দ্য ডনের।
অন্য দিকে, হাবিলদার আসমত আলী ও নায়েক আফতাব আলী উত্তর ওয়াজিরিস্তানে সংঘর্ষে নিহত হন। গোটা ঘটনার জন্য ভারতকে দায়ী করেছে পাকিস্তান।
ইসলামাবাদের অভিযোগ, ভারতের মদতেই ওই অঞ্চলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে জঙ্গিরা এবং তাতে সাধারণ নাগরিকরা প্রাণ হারাচ্ছেন।

পাকিস্তানি সেনাবাহিনীর তরফে বিবৃতিতে জানানো হয়েছে, গত ১৩ নভেম্বর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছে।
গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কোলপুর এলাকায় আটজন জঙ্গির মৃত্যু হয়েছে সেনাদের সঙ্গে সংঘর্ষে। তাদের মধ্যে এক আত্মঘাতী হামলাকারীও (সুইসাইড বম্বার) ছিল।
এর পর শনিবার জঙ্গিরা পাল্টা হামলা করে। পাক সেনাদের টহল গাড়িগুলিকে নিশানা করেছিল তারা। হামলায় মৃত্যু হয়েছে মেজর ওমর মিনহাজ নাসির এবং হাবিলদার মো. আদনান খানের।
অন্য একটি হামলায় সেনাদের আরও দুই জওয়ান প্রাণ হারিয়েছেন, তাদের নাম আসমত আলী এবং আফতাব আলী। জঙ্গিদের হামলার নেপথ্যে ভারতের মদত রয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
বিবৃতিতে বলা হয়েছে, ভারত এবং অন্য শত্রু গোয়েন্দা সংস্থাগুলির মদতে জঙ্গিরা ড্রোন, বিস্ফোরক পদার্থ ব্যবহার করে হামলা চালাচ্ছে। সাধারণ নাগরিক ও আমাদের নিরাপত্তারক্ষীদের নিশানা করা হচ্ছে। এগুলো এলাকার শান্তি নষ্ট করার প্রচেষ্টা।
তবে ওদের এই কাপুরুষোচিত আচরণ আমাদের নিরাপত্তা বাহিনীকে পর্যুদস্ত করতে পারেনি। সন্ত্রাসবাদকে নির্মূল করতে এবং এলাকায় শান্তি ফেরাতে আমাদের অভিযান চলবে।’
সেনা অভিযানকে স্বাগত জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। বলেছেন, আঞ্চলিক শান্তি নষ্ট করতে শত্রুরা নিরপরাধ নাগরিক এবং নিরাপত্তারক্ষীদের নিশানা করে চলেছে। কিন্তু আমাদের সেনাবাহিনী শত্রুর প্রত্যেক পরিকল্পনা ভেস্তে দিতে সক্ষম।
দেশের বাইরে থেকে মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। বীর সেনাদের আত্মত্যাগ বাহিনীকে আরও শক্তিশালী করছে।
উল্লেখ্য, অতীতেও বার বার পাকিস্তানে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ভারতের দিকে আঙুল তুলেছে ইসলামাবাদ। তবে ভারত সরকার সেই সব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
এর আগে ২০২৫ সালের ২১ মে বেলুচিস্তানের খুজদারে একটি স্কুলবাসে আত্মঘাতী হামলার পর ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিল পাকিস্তান।
-এমএমএস