Dhaka Mail Logo

আন্তর্জাতিক

প্রতিরক্ষা সহযোগিতাসহ তুরস্ক-কাতারের মধ্যে পাঁচ চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক

১৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ এএম

পারস্পরিক সহযোগিতাসহ পাঁচটি চুক্তিতে সই করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার ইস্তাম্বুলে দুই দেশের উচ্চপর্যায়ের কৌশলগত কমিটির (হাই স্ট্র্যাটেজিক কমিটি) ১২তম বৈঠকে এসব চুক্তি সই হয়।

দ্বিপক্ষীয় ও প্রতিনিধি পর্যায়ের আলোচনা শেষে প্রেসিডেন্টের দোলমাবাহচে কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন এরদোয়ান ও শেখ তামিম। এ ছাড়া ভোক্তা সুরক্ষা, বাজার তদারকি ও পরিদর্শন বিষয়ে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত এবং কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন থানি বিন ফয়সাল আল থানি।

শিক্ষা সহযোগিতা বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেন তুরস্কের শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন এবং কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফি।

শান্তি, পুনর্মিলন ও সংঘাত নিরসনে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি।

এ ছাড়া কমিটির ১২তম বৈঠক উপলক্ষে একটি যৌথ ঘোষণায়ও স্বাক্ষর করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: আনাদোলু এজেন্সি।

এমআর