আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম
মক্কা প্রতিরক্ষা জোটকে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সংহতি ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, এই জোট আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়া শহরে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন এরদোয়ান।
তুরস্কের প্রেসিডেন্টের যোগাযোগ অধিদফতরের বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে পরিবহন, প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেন দুই নেতা।
এরদোয়ান বলেন, পাকিস্তান আঞ্চলিক যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, সেগুলো মোকাবিলায় শান্তিপূর্ণ উপায়ে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত তুরস্ক।
বৈঠকে পাকিস্তানে পুলিশের একটি বহরে সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের জন্য শেহবাজ শরিফের প্রতি সমবেদনা জানান এরদোয়ান।
বিবৃতিতে বলা হয়, তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটের লক্ষ্য হলো পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা।
এরদোয়ান জোর দিয়ে বলেছেন, এই জোট কোনো দেশের বিরুদ্ধে নয়; বরং আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরোধক্ষমতা ও স্থিতিশীলতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত।
এদিকে ইরানকে ঘিরে চলমান সংঘাত নিরসনেও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এরদোয়ান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যে সংঘাত ছড়িয়ে পড়েছে, তা বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন তিনি।
তুরস্ক বারবার আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে পাকিস্তানের কূটনৈতিক উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে আঙ্কারা।
প্রসঙ্গত, গত ৭ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মক্কায় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করার কথা রয়েছে।
এদিকে গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে অনুষ্ঠিত এক বৈঠকে তিন দেশ জোটের অধীনে একটি সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়। এর মধ্য দিয়ে জোটটির প্রাতিষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ শুরু হয়।
এমএইচআর