আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর আব্দুল এল-সায়েদ জানিয়েছেন, আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের সময় পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম সিনেটর কোরআন হাতে শপথ নিতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম এনপিআর-কে এক সাক্ষাৎকারে নিজের এই পরিকল্পনার কথা জানান ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা।
সাক্ষাৎকারে আব্দুল এল-সায়েদ বলেন, ‘আমি সম্ভবত কোরআন ছুঁয়ে শপথ নেব। তবে কোন কোরআনটি ব্যবহার করব, তা এখনো ঠিক করিনি।’
এ জন্য দুটি ঐতিহাসিক কোরআনের কথা বিবেচনা করছেন তিনি। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে থাকা একটি প্রাচীন কোরআন।
তিনি বলেন, ‘টমাস জেফারসনের কাছে কোরআনের একটি কপি ছিল। এছাড়াও, মিশিগান বিশ্ববিদ্যালয়ের কাছে মিশিগান রাজ্যের প্রথম কোরআনটি রয়েছে। এটি অনেক অনেক পুরোনো, এবং সেটাই হয়তো বেছে নেওয়া হতে পারে।’
জেফারসনের কোরআনটি এর আগে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন তার শপথ অনুষ্ঠানের ব্যবহার করেছিলেন। এটি বর্তমানে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত রয়েছে।
আব্দুল এল-সায়েদ সাক্ষাৎকারে শপথের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ‘আপনি কোন বইয়ের ওপর হাত রাখছেন, সেটি আসল বিষয় নয়; বরং কোন বিষয়ের প্রতি আনুগত্যের শপথ করছেন, সেটিই গুরুত্বপূর্ণ।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি আনুগত্যের বিষয়টি তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, দেশটিতে কোনো সরকারি পদে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ধর্মগ্রন্থের ওপর হাত রেখে শপথ নেওয়া বাধ্যতামূলক নয়। এমনকি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে সরকারি পদে দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণার সুযোগও নেই।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মিশিগান থেকে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন আব্দুল এল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন। আগামী জানুয়ারিতে নতুন সিনেট অধিবেশন শুরু হলে তার শপথ গ্রহণের কথা রয়েছে।
সূত্র: এনপিআর, এপি
এমএইচআর