আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
তুরস্কের পূর্বাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনাসদস্য নিহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির মালাতিয়া প্রদেশের ইয়েশিলিউর্ত জেলার সামানকয় এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল এস-৭০ মডেলের।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল, দমকল বাহিনী, পুলিশ ও চিকিৎসাকর্মীরা পৌঁছান।
নিহত চার সেনাসদস্যের মধ্যে দুইজন ছিলেন পাইলট—মেজর এরদেম চিমেন ও মেজর ওরহান পিনার। অপর দুজন ছিলেন বিমানযন্ত্র রক্ষণাবেক্ষণকারী কর্মকর্তা হুসেইন জেহির ও সারকান ওন্দের।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়।
এ ঘটনায় মালাতিয়ার প্রধান সরকারি কৌঁসুলির কার্যালয় তদন্ত শুরু করেছে। তদন্তের জন্য একজন উপপ্রধান কৌঁসুলি ও দুজন কৌঁসুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুল নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তবে কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: রয়টার্স, আনাদোলু
এমএইচআর