Dhaka Mail Logo

আন্তর্জাতিক

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে আপাতত বড় হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ এএম

সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কয়েকটি দেশের অনুরোধে আপাতত ইরানে নতুন করে বড় হামলা স্থগিত রেখেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

হোয়াইট হাউসে স্টিফেন এ স্মিথকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করেছে, আপাতত যেন পরিস্থিতি এভাবেই চলতে দেই। কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।

তবে উপসাগরীয় দেশগুলোর এই অবস্থানের সঙ্গে একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন ট্রাম্প। তার ভাষায়, ‘আমি নিশ্চিত নই যে তাদের সঙ্গে আমি একমত।’

উপসাগরীয় দেশগুলো এমন অনুরোধ করলে ইরানে আরও হামলা চালাতেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, চালাতাম।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত রয়েছে।

তিনি বলেন, ‘এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ করে দিতে পারি। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস করে দিতে পারি। এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা নিশ্চিহ্ন করে দিতে পারি। সবকিছু করতে আমার মাত্র তিন দিন লাগবে।’

Trump-2
২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এদিকে, যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পেছনে এর প্রভাব ছিল বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে ইরানে হামলা চালানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থানও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনার পাশাপাশি দেশটির শীর্ষ পর্যায়ের নেতারাও লক্ষ্যবস্তু হন। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।

জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। উপসাগরীয় কয়েকটি দেশেও হামলার ঘটনা ঘটে।

প্রায় দেড় মাসের সংঘাতের পর ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়। ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সামরিক অভিযান বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং পরবর্তী সময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়ে সমঝোতা হয়। তবে সমঝোতা বেশিদিন স্থায়ী হয়নি। জুলাইয়ে আবার সংঘাত শুরু হয়।

এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে বিরোধ এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল পরিবহন করা হয়। ফলে সংঘাতের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়ে।

সাম্প্রতিক সময়ে কাতার, পাকিস্তানসহ কয়েকটি দেশ যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। তবে পারমাণবিক কর্মসূচি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো রয়েছে। ৯ নভেম্বর ট্রাম্প উপসাগরীয় দেশগুলোর অনুরোধে নতুন করে বড় হামলা আপাতত স্থগিত রাখার কথা জানান। তবে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখার অবস্থানও স্পষ্ট করেন তিনি।

এমআর