Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আমিরাতে ১৮ গাড়ি ও ৫ ট্রাকের সংঘর্ষে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। ১৮টি গাড়ি ও পাঁচটি ট্রাকের এই দুর্ঘটনায় এসব মানুষের হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বুধবার দিবাগত রাত ১২টার কিছু আগে ফুজাইরা আমিরাতের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি ট্রাককে ধাক্কা দেন। এতে ট্রাক দুটি সড়কের বাইরে ছিটকে গিয়ে যানজটের কারণে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এ সময় একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতে।

দুর্ঘটনার পর উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত বিশেষায়িত দলগুলো ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আহত ৩০ জনের মধ্যে ১৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি ১৫ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক রয়েছেন। অন্য কয়েকজনের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে।

আহত ব্যক্তিদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিক রয়েছেন। সূত্র: আল জাজিরা।

এমআর