Dhaka Mail Logo

আন্তর্জাতিক

মিসিসিপির রিপাবলিকান দুর্গেও ডেমোক্র্যাটদের হানা

আন্তর্জাতিক ডেস্ক

১২ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম ইলেকশনস) ডেমোক্রেটিক পার্টির জয়যাত্রা অব্যাহত। রিপাবলিকান পার্টির ‘দুর্গ’ হিসেবে পরিচিত মিসিসিপিতেও জয়ী হল তারা। 

মিসিসিপির সিনেট আসনটি রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মার্কিন সিনেটে শক্তিবৃদ্ধি করলেন ডেমোক্র্যাটরা। 

এই জয়ের ফলে মার্কিন আইনসভার ১০০ আসনবিশিষ্ট এই উচ্চকক্ষে ডেমোক্র্যাটিক পার্টির সদস্য ৫৪ থেকে বেড়ে এখন ৫৫ হয়েছে। 

রিপাবলিকানদের হাতে রইল ৪৪টি আসন। আলাস্কা আসনটিতে এখনও গণনা চলছে। হাড্ডাহাড্ডি লড়াই চললেও সেখানে ডোনাল্ড ট্রাম্পের দলের তুলনায় খানিক এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী।

মিসিসিপির সিনেট আসনটি জিতে দু’টি নজির গড়েছে ডেমোক্র্যাটিক পার্টি। রক্ষণশীল এই প্রদেশে দীর্ঘ দিন ধরেই নিজেদের রাজনৈতিক আধিপত্য বজায় রেখেছিলেন রিপাবলিকানরা। 

সেখানে অল্প ব্যবধানে জিতলেও ডেমোক্র্যাটদের এই জয়কে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মিসিসিপির ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম কৃষ্ণাঙ্গ। ১৪০ বছর পর এই আসন থেকে নির্বাচিত হয়ে কোনও কৃষ্ণাঙ্গ সেনেটে যাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিবিএস নিউজ’-এর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ডেমোক্র্যাট প্রার্থী পেয়েছেন ৪৯.২ শতাংশ ভোট। ৪৮.৭ শতাংশ ভোট পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রার্থী সিন্ডি হাইড-স্মিথ। এর আগে এই কেন্দ্র থেকে তিনিই জয়ী হয়েছিলেন। 

পরাজয়ের ইঙ্গিত পেয়েই বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সমাজমাধ্যমে একটি পোস্ট করে ডেমোক্র্যাট প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। লেখেন, “আমরা যে ভাবে কাজ করেছি আর যা আশা করেছি, সেই অনুযায়ী ফলাফল হয়নি। তবে আমি মিসিসিপির ভোটারদের সিদ্ধান্তকে সম্মান করছি।”

জয়ের পর স্থানীয় এক কলেজ ময়দানে ভাষণ দেন ডেমোক্র্যাট প্রার্থী কলম। খোলা আকাশের নীচে, ভিড়ে ঠাসা এই সভায় তিনি বলেন, “মিসিসিপির মানুষই এই জয়ের কারিগর।” 

মিসিসিপিতে ডেমোক্র্যাটদের এই ‘ঐতিহাসিক’ জয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মার্কিন বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আমেরিকায় অর্থনৈতিক ডামাডোল, ট্রাম্পের শুল্ক এবং ইরাননীতি নিয়ে ক্ষুব্ধ রিপাবলিকান ভোটারদের একাংশ। 

তাদের এবং কৃষ্ণাঙ্গদের ভোটেই কিস্তিমাত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী। মধ্যবর্তী নির্বাচনে মিসিসিপি ছাড়াও টেক্সাস, সাউথ ক্যারোলাইনা, কানসাস, আইওয়ার মতো লাল দুর্গ নিজেদের দখলে এনেছে ডেমোক্র্যাটিক পার্টি।

-এমএমএস