আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ এএম
সৌদি আরবের হাইল অঞ্চলে মাদক চোরাচালানের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদফতর। তাদের কাছ থেকে মেথামফেটামিন নামের শক্তিশালী মাদক উদ্ধার করা হয়েছে, যা স্থানীয়ভাবে ‘সাবু’ নামে পরিচিত।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদফতর এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রমের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে আটক পাঁচ বাংলাদেশির নাম ও পরিচয় প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ।
একই সঙ্গে মাদক চোরাচালান ও বিক্রিসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে ৯১১ (মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চল) অথবা ৯৯৯, ৯৯৪ ও ৯৯৫ নম্বরে কল করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য দেশটির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছে সংস্থাটি।
প্রসঙ্গত, মেথামফেটামিন অত্যন্ত শক্তিশালী ও আসক্তি সৃষ্টিকারী মাদক। এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলে। বিশ্বজুড়ে মাদকটি ‘আইস’ নামেও পরিচিত।
সৌদি আরবে মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী এ ধরনের অপরাধে দীর্ঘমেয়াদি কারাদণ্ড, জরিমানা এমনকি মৃত্যুদণ্ডের বিধানও রয়েছে। এছাড়াও কোনো বিদেশি নাগরিক মাদক সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ড ভোগ করার পর তাকে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হয় এবং সৌদি আরবে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এমএইচআর