Dhaka Mail Logo

আন্তর্জাতিক

সৌদি বিয়ে ছাড়া সন্তান জন্ম, গৃহকর্মীকে ১০০ দোররা মারার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

১১ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

সৌদি আরবে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সন্তান জন্ম দেওয়ার অপরাধে এসথার ওয়ানজা মুথোনি নামের ৪০ বছর বয়সী এক কেনীয় প্রবাসী গৃহকর্মীকে ১০০ দোররা (বেত্রাঘাত) সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। পাশাপাশি এক বছরের নির্বাসনের আদেশও দেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মুথোনি সৌদি আরবে গৃহকর্মী ও শিশু দেখাশোনার কাজ করতেন। এক মিসরীয় নাগরিকের  সঙ্গে স্বল্প সময়ের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন। 

এদিকে সন্তানের বাবা ওই মিসরীয় নাগরিক আগেই সৌদি আরব ছেড়ে চলে গেছেন। 

২০২৫ সালের আগস্টে একটি সন্তানের জন্ম দেন মুথোনি। কর্মস্থলের আবাসনে তার সুপারভাইজার নবজাতককে দেখতে পেয়ে মা ও শিশুকে হাসপাতালে নিয়ে যান। পরে বিয়ের বাইরে সন্তান জন্ম দেওয়ার বিষয়টি জানাজানি হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

সৌদি আইন অনুযায়ী অবিবাহিত নারীর সন্তান জন্মদানের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের জন্য পুলিশকে জানানো বাধ্যতামূলক।

আদালতের নথি অনুযায়ী, গত বছরের গ্রীষ্মে কয়েক দফা শুনানির পর চলতি বছরের অক্টোবরে রিয়াদের একটি ফৌজদারি আদালতের তিন বিচারকের প্যানেল তাকে দোষী সাব্যস্ত করে। তাকে ১০০ দোররা মারার পাশাপাশি এক বছরের নির্বাসনের সাজা দেওয়া হয়।

মুথোনি আদালতের কার্যক্রমে একজন দোভাষীর সহায়তা পেলেও কোনো আইনজীবী পাননি বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস। 

নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মুথোনি বলেন, ‘সাজা কার্যকর করা নিয়ে আমি ভীষণ ভীত। আমার মনে হয় না চাবুকের আঘাতগুলো সইতে পারব

তিনি বলেন, ‘আমি এই শাস্তির যোগ্য নই।’

প্রতিবেদনে বলা হয়, মুথোনি সন্তানের জন্ম দেওয়ার পর তাকে আর সৌদির ওই পরিবারটি কাজে যোগ দিতে দেয়নি। ফলে তিনি বাস্তুহীন হয়ে পড়েন। এরপর তিনি একটি পেট্রোল স্টেশনে গিয়ে থাকা শুরু করেন। যেখানে অন্যান্য আরও নারীরা নিজেদের সন্তানদের নিয়ে থাকেন। 

তবে তাকে নিয়ে খবর প্রকাশ হওয়ার পর তিনি থাকার জন্য এখন একটি বাড়ি পেয়েছেন। 

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, এক বছরেরও বেশি সময় ধরে ছেলেকে নিয়ে দেশে ফেরার চেষ্টা করছেন মুথোনি। কিন্তু যতক্ষণ তার বিরুদ্ধে আসা অভিযোগটির সুরাহা না হবে বা বেত্রাঘাত না করা হবে ততক্ষণ তিনি নিজ দেশে ফিরতে পারবেন না। এর মধ্যে তার দেশে ফেরার কাগজপত্রের মেয়াদও শেষ হয়ে গেছে। 

প্রসঙ্গত, সৌদি আরবে বিয়ের বাইরে যৌন সম্পর্ক অপরাধ হিসেবে বিবেচিত হয়। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এ আইনের প্রয়োগে বিশেষ করে অভিবাসী নারীরা বেশি ঝুঁকির মুখে পড়েন। কারণ, সন্তান জন্ম দেওয়ার পর তাদের আইনি জটিলতা ও সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হয়।

সূত্র: নিউইয়র্ক টাইমস, ডন


এমএইচআর