আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম
ইরানের সমৃদ্ধ পারমাণবিক উপাদানের একটি কণাও দেশের বাইরে নিতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে হামলা চালানো হলে তাদের কঠিন পরিনতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) লেবাননের ইরানপন্থী টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন রেজাই।
তিনি বলেন, ‘সমৃদ্ধ পারমাণবিক উপাদানের এক কণাও ইরানের বাইরে যেতে দেওয়া হবে না। এ উপাদান দিয়ে পারমাণবিক শক্তিচালিত জাহাজ ও সাবমেরিন তৈরির পরিকল্পনা রয়েছে তেহরানের।’
রেজাই জানান, উচ্চমাত্রার ইউরেনিয়াম গ্রহণ ও সংরক্ষণের প্রস্তাব দেওয়া রাশিয়াকেও তেহরানের এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আরও বলেন, ‘ওয়াশিংটনের সঙ্গে বর্তমানে তেহরানের কোনো আলোচনা চলছে না। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে দূরবর্তী মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও কঠিন আঘাত হানা হবে’।
প্রসঙ্গত, দুই দেশের মধ্যে সমঝোতার অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। তবে রেজাইয়ের বক্তব্যে সেই সম্ভাবনা নাকচ হয়ে গেল।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক ব্যবহারের জন্য।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ সমৃদ্ধকরণের কাছাকাছি না হলেও ৬০ শতাংশ মাত্রা বেসামরিক ব্যবহারের প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
তবে গত বছর মার্কিন হামলার পর ওই ইউরেনিয়ামের কতটুকু অক্ষত রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার পর সেগুলোর অবস্থা এবং ইউরেনিয়ামের মজুত সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দেয়নি ইরানি কর্তৃপক্ষ।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে নিজেদের সাতটি শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে ইরান। এসব শর্তের মধ্যে রয়েছে— আঞ্চলিক সব ফ্রন্টে যুদ্ধবিরতি, বিশেষ করে লেবাননে সংঘাত বন্ধ, ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার, বিদেশে জব্দ থাকা সম্পদ মুক্ত করা এবং ভবিষ্যতে নতুন করে সামরিক হামলা না চালানোর নিশ্চয়তা।
গত সপ্তাহে কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। তবে শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আলোচনা এগোবে না বলে জানিয়েছে তেহরান।
সূত্র: রয়টার্স, আলজাজিরা
এমএইচআর