আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম
আর্জেন্টিনার নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিল তেহরান।
বুধবার (১১ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ২০১৯ সালে গৃহীত পারস্পরিকতার নীতি ও আইনের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইরানের সশস্ত্র বাহিনীর একটি আনুষ্ঠানিক শাখা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে আর্জেন্টিনা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির পরিপন্থী ‘শত্রুতামূলক’ পদক্ষেপ নিয়েছে।
ইরানের ২০১৯ সালের ওই আইনে বলা হয়েছে, যেসব দেশ আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে সমর্থন করবে বা বাস্তবায়নে সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া যাবে।
এই আইনের আওতায় আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ইরান। তবে দেশটির স্থলবাহিনীকে এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্তের ফলে সৃষ্ট যেকোনো পরিণতির দায় আর্জেন্টিনা সরকারকে বহন করতে হবে। তবে কী ধরনের পরিণতি হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।
চলতি বছরের ৩১ মার্চ আর্জেন্টিনা আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। ১৯৯০-এর দশকে দেশটির রাজধানী বুয়েনস আইরেসে দুটি ভয়াবহ বোমা হামলায় আইআরজিসির কথিত সম্পৃক্ততার অভিযোগ তুলে এ সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সরকার। তবে ওই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে ইরান।
১৯৯৪ সালে বুয়েনস এইরেসের ইহুদি সম্প্রদায়ের এএমআইএ কেন্দ্রে বোমা হামলায় ৮৫ জন নিহত এবং কয়েক শ মানুষ আহত হন। এটি আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলা হিসেবে পরিচিত।
এর আগে একই ধরনের পাল্টা পদক্ষেপ হিসেবে গত ১ নভেম্বর যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল ইরান। পাশাপাশি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে আখ্যা দিয়েছিল দেশটি।
সূত্র: আনাদোলু
এমএইচআর