আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পিএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসী হামলায় অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন উপপুলিশ সুপার (ডিএসপি) ও একজন সাব-ইন্সপেক্টর রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) প্রদেশটির গাম্বাত এলাকার দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ সোনার খনন কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালাতে যাচ্ছিল পুলিশের দলটি। এ সময় কোহাট ও কারাক জেলার মধ্যবর্তী এলাকায় পৌঁছালে পাহাড়ের ওপর থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।
কোহাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নওমান জেব জানান, হামলায় অন্তত ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাম্বাতের ডিএসপি হায়দার জামান ও সাব-ইন্সপেক্টর মুখতিয়ার রয়েছেন।
তিনি আরও জানান, হামলার সময় পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা গুলি চালিয়ে যেতে থাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক গোলাগুলি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য ও যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে কোহাটের জেলা সদর হাসপাতাল ও টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সাম্প্রতিক মাসগুলোতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা বেড়েছে। গত ৮ অক্টোবর কারাক-কোহাট সীমান্তের কাছে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) ও তার নিরাপত্তারক্ষী নিহত হন।
এ ছাড়া গত ১৮ সেপ্টেম্বর কোহাট পুলিশ লাইনে বিস্ফোরণ ও পরবর্তী হামলায় ২৩ জন নিহত হন। তাদের মধ্যে ১৫ জন ছিলেন পুলিশ সদস্য। ওই ঘটনায় আট হামলাকারীও নিহত হয়।
সশস্ত্র সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি) অনুযায়ী, পাকিস্তানে ২০২২ সালের তুলনায় ২০২৫ সালে হামলার সংখ্যা প্রায় চার গুণ বেড়ে ২ হাজার ৪২৫টিতে দাঁড়ায়।
এদিকে বুধবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে এর পেছনে আফগান তালেবানের সঙ্গে সম্পর্কযুক্ত পাকিস্তানি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর হাত থাকতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০২২ সালের শেষের দিকে পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি প্রত্যাহার করার পর থেকে দেশটির সেনাবাহিনী ও পুলিশের ওপর ব্যাপকহারে হামলা চালিয়ে আসছে টিটিপি। বিশেষ করে খাইবার-পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে তাদের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে এবং পুলিশ ও সামরিক বাহিনী সদস্যরা তাদের ধারাবাহিক হামলার শিকার হয়েছে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
এমএইচআর