Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও আরব দেশগুলোর কাছ থেকে আদায় করব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পিএম

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের যে বিপুল অর্থ ব্যয় হয়েছে, তা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেসব দেশকে যুক্তরাষ্ট্র সুরক্ষা দিয়েছে, তাদের কাছ থেকেই যুদ্ধের পুরো খরচ ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। 

তিনি বলেন, ‘যেসব দেশকে আমরা সুরক্ষা দিয়েছি, যুদ্ধের জন্য আমাদের যে সমস্ত খরচ হয়েছে, তার পুরোটাই তারা আমাদের ফেরত দেবে। আমরা সব অর্থ ফেরত নেব... শতভাগ।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হস্তক্ষেপ না হলে ইসরায়েল আজ অস্তিত্বের সংকটে পড়ত। 

সাক্ষাৎকারে প্রথমবারের মতো ইসরায়েলের কাছ থেকে যুদ্ধের খরচ আদায়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। 

এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতের কাছ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক সুরক্ষার বিনিময়ে অর্থ আদায়ের কথা বলেছিলেন তিনি।

গত জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে অর্থ ব্যয় করছে, তার ক্ষতিপূরণ পাওয়া উচিত। 

মূলত, ১৯৯০-৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সামরিক ব্যয়ের বড় অংশ সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি ও জাপান বহন করেছিল। সেই অভিজ্ঞতার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী, অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত ইরান যুদ্ধে ওয়াশিংটনের ব্যয় দাঁড়িয়েছে ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের ব্যয় এতে অন্তর্ভুক্ত নয়। ফলে প্রকৃত ব্যয় আরও বেশি হতে পারে।

এদিকে ট্রাম্পের এ দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। তাদের মতে, আরব দেশগুলোর কাছ থেকে সরাসরি যুদ্ধের খরচ আদায়ের সম্ভাবনা কম। বরং যুক্তরাষ্ট্রে বিনিয়োগ, অস্ত্র কেনা কিংবা বাণিজ্যিক চুক্তির মাধ্যমে পরোক্ষভাবে অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে ওয়াশিংটন।

চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো নিল কুইলিয়াম আলজাজিরাকে বলেছেন, ট্রাম্পের মন্তব্যকে ‘একটি গুরুতর নীতি প্রস্তাবের চেয়ে রাজনৈতিক সংকেত হিসেবেই ভালোভাবে বোঝা যায়’।

কুয়েত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপক এবং চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির সহযোগী ফেলো বাদের আল-সাইফের মতে, উপসাগরীয় দেশগুলো ট্রাম্পের মন্তব্যকে ‘খুব একটা গুরুত্ব দেবে না’।

তিনি বলেন, ‘আমি মনে করি, ট্রাম্প যা বলেছেন তা ছিল অভ্যন্তরীণ প্রচারের জন্য এবং আমার ধারণা বেশিরভাগ উপসাগরীয় দেশও বিষয়টিকে সেভাবেই নেবে।’ 

অন্যদিকে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিতে বিশেষজ্ঞ বিশ্লেষক স্টেফান লুকাস বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট দোষারোপ করার জন্য কাউকে খুঁজছেন... এবং মধ্যবর্তী নির্বাচনের ফলাফল থেকে মনোযোগ সরানোর জন্য তার ক্ষমতার মধ্যে থাকা সবকিছুই করছেন’।

সূত্র: আলজাজিরা, সিবিএস


এমএইচআর