Dhaka Mail Logo

আন্তর্জাতিক

ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার হচ্ছেন মাতান কাহানা

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের পরবর্তী স্পিকার হিসেবে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনয়ন দিয়েছে দেশটির বিরোধী দলগুলোর জোট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতা থেকে সরানোর রাজনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ এই পদে তাকে বেছে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বর্তমানে নেসেটের স্পিকারের দায়িত্বে রয়েছেন নেতানিয়াহুর লিকুদ পার্টির আমির ওহানা। তাকে সরিয়ে নতুন স্পিকার নির্বাচনের উদ্যোগ নিয়েছে বিরোধী জোট। এ জন্য ৬১ জন আইনপ্রণেতার সমর্থনসংবলিত স্বাক্ষরও পার্লামেন্টে জমা দিয়েছেন সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট। 

মাতান কাহানা গাদি আইজেনকোটের ইয়াশার পার্টির সদস্য। এর আগে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের নেতৃত্বাধীন সরকারে ধর্মীয় পরিষেবা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তবে মাতান কাহানা এখনো আনুষ্ঠানিকভাবে স্পিকার নির্বাচিত হননি। এ জন্য নেসেটে ভোটাভুটি প্রয়োজন। 

এছাড়াও সমঝোতা অনুযায়ী, পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ কমিটির প্রধান করা হবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যানকে। আর অর্থবিষয়ক কমিটির দায়িত্ব পাবেন লিরান আভিশার বেন-হোরিন।

বিরোধী জোটের লক্ষ্য, নতুন স্পিকার নির্বাচনের মাধ্যমে পার্লামেন্টে নিজেদের অবস্থান শক্তিশালী করা এবং সরকার গঠনের প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া।

ইসরায়েলের ২৬তম নেসেটের নতুন সদস্যদের শপথ গ্রহণের দিনেই গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে এই সমঝোতা হলো। দেশটির রাজনৈতিক অঙ্গনে এটি নেতানিয়াহুবিরোধী জোটের পারস্পরিক সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


সূত্র: টাইমস অব ইসরায়েল

এমএইচআর