আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ০৩:১০ পিএম
পাকিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ন্যাটালি বেকারকে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বর্তমানে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। খবর জিও নিউজের।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, ন্যাটালি বেকারের মনোনয়ন অনুমোদনের জন্য মার্কিন সিনেটে পাঠানো হয়েছে। তবে রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের আগে সিনেটের অনুমোদন পেতে হবে তাকে।
প্রথমে সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে তার মনোনয়ন পর্যালোচনা করা হবে। সেখানে অনুমোদন পেলে পূর্ণাঙ্গ সিনেটে ভোটাভুটির জন্য পাঠানো হবে।
বর্তমানে পাকিস্তানে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত না থাকায় দেশটিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের নেতৃত্ব দিচ্ছেন ন্যাটালি বেকার।
২০২৫ সালের জানুয়ারিতে ইসলামাবাদে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব নেন ন্যাটালি বেকার। এর আগে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড আর্মিন ব্লোমের দায়িত্ব শেষ হলে তিনি এ পদে আসেন।
এর আগে ২০২৪ সালের আগস্টে পাকিস্তানে মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে যোগ দেন বেকার।
ইসলামাবাদে আসার আগে ২০২১ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত কাতারের দোহায় মার্কিন দূতাবাসের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন সার্ভিসে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা রয়েছে ন্যাটালি বেকারের। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন তিনি।
তার উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে—লিবিয়ায় মার্কিন মিশনের উপপ্রধান ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের ইরান আঞ্চলিক উপস্থিতি কার্যালয়ের উপপরিচালক এবং কুয়েতে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক কাউন্সেলর।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিকটপ্রাচ্যবিষয়ক ব্যুরোর উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত লিবিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর ছিলেন বেকার। ওই সময়ে ওয়াশিংটন ও ত্রিপোলির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় কাজ করেন তিনি।
তবে ২০১১ সালের ফেব্রুয়ারিতে লিবিয়ার বিপ্লব শুরু হলে নিরাপত্তার কারণে দেশটি থেকে মার্কিন দূতাবাস সরিয়ে নেওয়া হয়। তখন বেকারও লিবিয়া ছাড়তে বাধ্য হন।
এর আগে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে কনস্যুলার কর্মকর্তা এবং তুর্কমেনিস্তানের আশগাবাতে সাংস্কৃতিক কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন তিনি।
শিক্ষাজীবনেও বেশ সমৃদ্ধ ন্যাটালি বেকার। তিনি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা ও পাকিস্তানে বর্তমান দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে এবার দেশটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন তিনি। তবে চূড়ান্ত নিয়োগের জন্য এখন মার্কিন সিনেটের অনুমোদনের অপেক্ষা।
-এমএমএস