Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আরও এক ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরিয়ে নিল আমেরিকা! 

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম

ব্রিটেনের আরও এক ঘাঁটি থেকে বিমান সরিয়ে নিল আমেরিকা। ইরানের ধারাবাহিক হুঁশিয়ারির মধ্যে এই নিয়ে দ্বিতীয় কোনও ব্রিটিশ ঘাঁটি থেকে বিমান সরাল তারা। 

গত মাসে ব্রিটেনের ফেয়ারফোর্ডে রয়্যাল এয়ার ফোর্সের (ব্রিটেনের বিমানবাহিনী) ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছিল পেন্টাগন। এবার মিলডেনহল ঘাঁটি থেকেও সরানো হল মার্কিন বিমান। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, মিলডেনহল ঘাঁটি ব্যবহার করে এমন দু’টি মার্কিন জ্বালানি-বিমান (রিফুয়েলিং ট্যাঙ্কার) জার্মানির দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। 

পরে আরও বেশ কয়েকটি বিমানকে জার্মানি এবং অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তবে মিলডেনহল ঘাঁটিতে কী ধরনের হুমকি রয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। 

ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদন অনুযায়ী, ওই ঘাঁটিতে নির্দিষ্ট ভাবে কী ধরনের হুমকি রয়েছে, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়েরএক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। 

ওই মুখপাত্র বলেন, “আমরা সাধারণত অন্য দেশের কাজকর্ম নিয়ে মন্তব্য করি না। যখন যেমন প্রয়োজন হয়, সেই মতো ওখানে নিয়মিত ভাবে বিমান চলাচল করে।”

উল্লেখ্য, গত জুলাই মাসে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, “ইরানের ভূখণ্ডে আগ্রাসনের জন্য ব্যবহৃত যে কোনও ঘাঁটিকে আমাদের বাহিনী বৈধ লক্ষ্যবস্তু বলে মনে করবে।” 

ইরানের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত কাজের জন্যই ব্রিটেনের ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহার করত মার্কিন বিমানবাহিনী। পরবর্তী সময়ে গত সেপ্টেম্বরে ফেয়ারফোর্ড ঘাঁটির বাইরে সন্দেহজনক গতিবিধির জেরে পাঁচজন গ্রেফতার হন। সবাই ছিলেন ব্রিটিশ নাগরিক।

ফেয়ারফোর্ডের ঘটনার কয়েক দিন পর ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম জানিয়েছিলেন, এই ঘটনায় ইরানের জড়িত থাকার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। 

তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। তেহরান অবশ্য এই অভিযোগ দৃঢ় ভাবে অস্বীকার করেছে। 

উদ্ভূত পরিস্থিতিতে অক্টোবরের শুরুর দিকে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে মার্কিন বি-১ বোমারু বিমানগুলিকে ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সরিয়ে নেয় মার্কিন বিমানবাহিনী। এবার মিলডেনহল থেকেও বিমান সরিয়ে নিল তারা।

-এমএমএস