Dhaka Mail Logo

আন্তর্জাতিক

প্রেমিককে বিয়ে করার দাবিতে উঁচু টাওয়ারে তরুণী!

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

ভারতের উত্তরপ্রদেশে প্রেমিককে বিয়ে করার দাবিতে ১০০ ফুট উুঁচু মোবাইল টাওয়ারের মাথায় উঠে কয়েক ঘণ্টা অবস্থান করেছেন সাহিবা বেগম মেহেক (১৯) নামে এক মুসলিম তরুণী। 

তারপর অনলাইনে নিকাহ সম্পন্ন হওয়ার পর নিচে নেমে এসেছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায় ঘটেছে এ ঘটনা। খবর হিন্দুস্তান টাইমস ও জিও টিভির।

যার সঙ্গে বিয়ের দাবিতে তিনি মোবাইল টাওয়ারের ওপর চড়েছিলেন, সেই তরুণের নাম নুরুদ্দিন (২৫)। একই গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে কাজের সূত্রে মুম্বাই আছেন নুরুদ্দিন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নুরুদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মেহেকের। সোমবার এই সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি হওয়ার কিছু সময় পর সেই মোবাইল টাওয়ারে উঠে পড়েন মেহেক এবং পরিবারের পক্ষ থেকে নুরুদ্দিনকে বিয়ের অনুমতি না পাওয়া পর্যন্ত নিচে নামতে অস্বীকৃতি জানান।

হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, যখন এই নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়, সে সময় নূরুদ্দিন প্রায় ১ হাজার কিলোমিটার দূরে মুম্বাইতে কাজ করছিলেন।

মেহেক এবং নুরুদ্দিনের বন্ধু-শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন তারা দু’জন একে অপরকে বিয়ে করতে চাইলেও উভয়ের পরিবার এই সম্পর্কের বিরোধিতা করছিল।

মেহেক প্রায় চার ঘণ্টা টাওয়ারের ওপর ছিলেন। এ সময় আত্মীয়স্বজন, গ্রামবাসী এবং পুলিশ তাকে নিরাপদে নিচে নেমে আসার জন্য বোঝানোর চেষ্টা করেন, কিন্তু কারো কথায় কর্ণপাত তো দূরের কথা, দাবি পূরণ না হলে ওপর থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দিচ্ছিলেন তিনি। 

এ সময় নারী পুলিশ সদস্যসহ পুলিশের একটি দল তাকে শান্ত করার চেষ্টা চালাচ্ছিলেন।

পরিস্থিতি দীর্ঘায়িত হতে থাকলে নূরুদ্দিনের সঙ্গে যোগাযোগ করার এবং উভয় পরিবারের মধ্যকার বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।

Indian-wo

এক পর্যায়ে নুরুদ্দিনকে ভিডিও কল করা হয় এবং স্থানীয় এক মৌলবি সেই ভিডিও কলেই নুরুদ্দিন ও মেহেকের নিকাহ সম্পন্ন করেন।

নিকাহ সম্পন্ন হওয়ার পর মেহেক নিচে নেমে আসতে সম্মত হন। নারী পুলিশ সদস্যরা তাকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। এর মধ্য দিয়ে এই উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পুলিশ পরে ওই তরুণী ও তার পরিবারকে থানায় নিয়ে গিয়ে কাউন্সেলিং প্রদান করে এবং তারপর তাকে তার মায়ের সঙ্গে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

-এমএমএস