আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পিএম
ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিমতীরের বুরকা গ্রামে ফিলিস্তিনি এক কিশোরকে গুলি করে হত্যা করেছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, অধিকৃত পশ্চিমতীরের বুরকা গ্রামে মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনী মোতাজ ইয়াদ দাগলাস নামে ১৪ বছর বয়সী ওই ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে।
এ সময় বর্বর ইসরায়েলি সেনাদের গুলিতে আরও দুই ফিলিস্তিনি কিশোর গুরুতর আহত হয়েছে। খবর ওয়াফা ও আল-জাজিরার।
মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ তার মরদেহ হস্তান্তর না করে তাদের সঙ্গে নিয়ে চলে গেছে।
ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, এ ঘটনায় ১৭ বছর বয়সী ফিলিস্তিনি এক কিশোরের পেটে গুলি লেগেছে এবং ১৯ বছর বয়সী আরেকজনের হাতে গুলিবিদ্ধ হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী পশ্চিমতীরের প্রচীন নাবলুস শহরের কাছে অবস্থিত বুরকা গ্রামে এই গুলি করার কথা স্বীকার করেছে।
এক বিবৃতিতে দখলদার দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনিরা ইসরায়েলি যানবাহনের দিকে পাথর নিক্ষেপ করছিল, তা প্রতিরোধ করতেই সৈন্যরা গুলি চালায়।
বিবৃতিতে বলা হয়, “হুমকি মোকাবিলায় বাহিনী গুলি চালায় এবং বেশ কয়েকজনের গায়ে গুলি লেগেছে বলে নিশ্চিত হওয়া গেছে।”
‘ওয়াফা’-এর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি সেনারা মোতাজের বাবাকে আটক করেছে এবং আহতদের কাছে অ্যাম্বুলেন্স পৌঁছাতে বাধা দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই এলাকায় কর্মরত ‘প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি’-এর তিন স্বেচ্ছাসেবক প্যারামেডিককেও তারা কিছুক্ষণের জন্য আটকে রেখেছিল।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় চালানো গণহত্যা, অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলিদের সহিংসতা ও আক্রমণ এমন পর্যায়ে পৌঁছেছে, যাকে জাতিসংঘ “নজিরবিহীন” বলে অভিহিত করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে এখন পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরে অন্তত ১,১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২৫০টি শিশু রয়েছে।

এদের মধ্যে অনেকে অধিকৃত পশ্চিমতীরের অবৈধ বসতিতে বসবাসকারী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতেও নিহত হয়েছেন।
‘আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট’ এর তথ্য অনুযায়ী, এক দশক আগে এই অঞ্চলে নজরদারি শুরু করার পর থেকে ২০২৪ সালটি বসতি স্থাপনকারীদের দ্বারা সংঘটিত সহিংসতার দিক থেকে সবচেয়ে ভয়াবহ ছিল।
এ বছর কেবল জুলাই মাসেই ইসরায়েলি বাহিনীর পাশাপাশি সশস্ত্র বসতি স্থাপনকারীদের জড়িত চারটি ঘটনায় ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হেবরন, রামাল্লাহ, নাবলুস, জেনিন এবং আল-বিরেহ—এই এলাকাগুলোর ফিলিস্তিনিরা অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের চালানো নৃশংস হামলার সবচেয়ে ভয়াবহ শিকার হয়েছেন।
-এমএমএস