Dhaka Mail Logo

আন্তর্জাতিক

বিশ্ববাজারে তেলের দাম কমল ৫ শতাংশের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে (গ্রিনিচ মান সময়) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ২ শতাংশ বা ৫ দশমিক ৫ ডলার কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪ দশমিক ৫ শতাংশ বা ৪ দশমিক ১২ ডলার কমে প্রতি ব্যারেল ৮৬ দশমিক ৭১ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে গত সপ্তাহেও তেলের বাজারে বড় দরপতন দেখা যায়। এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৬ শতাংশ কমে ৯৩ দশমিক ২২ ডলারে নেমে আসে যায়, যা করোনা মহামারি শুরুর পর থেকে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর বাজারে এই পতন দেখা যায়।

তিনি বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলে দেশটির ওপর নতুন করে হামলা চালানোর প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধের অবসান হলে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন নির্বিঘ্ন হওয়ার আশা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন বলেছেন, ‘ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির আশায় তেলের দাম কমতে শুরু করেছে।"’

ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেছেন, ‘মধ্যপ্রাচ্য থেকে এখনও উচ্চ হারে অর্থপ্রবাহের কারণে বাস্তব বাজারের দুর্বলতা দামের ওপর চাপ সৃষ্টিকারী অন্যতম একটি কারণ।’

এদিকে দাম কমলেও মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ওপর হামলা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ এখনো কাটেনি। ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনা সফল হবে কি না, তার ওপর নির্ভর করছে আন্তর্জাতিক জ্বালানি বাজারের পরবর্তী পরিস্থিতি।

কিছু বিশ্লেষকে মতে, সংঘাত দীর্ঘস্থায়ী হলে তেলের সরবরাহ ও দামে আবারও অস্থিরতা তৈরি হতে পারে। অন্যদিকে স্থায়ী সমঝোতা হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমার সুযোগ তৈরি হতে পারে।

গত সপ্তাহে প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বের অন্যতম বৃহত্তম বহুজাতিক ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান জেপি মরগান জানিয়েছে, অক্টোবরে বিশ্বব্যাপী দৈনিক ১৪ লক্ষ ব্যারেল তেল উদ্বৃত্ত থাকবে অনুমান করা হচ্ছে।

সূত্র: রয়টার্স
 
এমএইচআর