আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
গাজা উপত্যকায় ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যায় মানবিক সংকট আরও তীব্র হয়েছে। বন্যার কারণে প্রায় এক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আশ্রয়শিবির ও অস্থায়ী তাঁবুতে বসবাস করা হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকের তাঁবুতে পানি ঢুকে যাওয়ায় আশ্রয় ও প্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় গাজার পাঁচটি প্রশাসনিক এলাকায় ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। এতে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়কেন্দ্র, তাঁবু, মানবিক সহায়তা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদন আরও বলা হয়, রোববার পর্যন্ত ২৬ হাজারের বেশি পরিবার তাদের আশ্রয়স্থল বা ব্যক্তিগত মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়ে সহায়তার আবেদন করেছে। এর মধ্যে ৬ হাজারের বেশি পারিবারিক আশ্রয়স্থল সম্পূর্ণ ধ্বংস এবং আরও ১৭ হাজার ৪০০টি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার প্রায় ৬০০ পরিবার নতুন করে বাস্তুচ্যুত হয়েছে। বন্যায় গাজাজুড়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

ওসিএইচএ জানিয়েছে, একটি বাস্তুচ্যুত শিবিরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দেইর আল বালাহর পশ্চিমে আল বারকা এলাকায় বালুর ঢিবি ধসে তাঁবুর ওপর পড়লে তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনি নিহত হন। আহত হয়েছেন আরও একজন।
এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বন্যার কারণে বিভিন্ন আশ্রয়শিবির ও আবাসিক এলাকায় পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও পানির উচ্চতা দেড় মিটার পর্যন্ত পৌঁছেছে। জরুরি সহায়তার জন্য তারা ২ হাজার ১৬৬টি ফোনকল পেয়েছে। তবে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে সব জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মাত্র ১২ ঘণ্টায় গাজায় অন্তত ৭০ হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে বিছানাপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ভিজে নষ্ট হয়েছে।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, গাজার অধিকাংশ মানুষ এখনো তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন। ভারী বৃষ্টি ও শীতের মধ্যে এসব আশ্রয় তাদের সুরক্ষা দিতে পারছে না। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে তাঁবু, ত্রিপল, কম্বল, পানি নিষ্কাশনের পাম্প ও ভারী যন্ত্রপাতি প্রয়োজন। গাজার ভেতরে এসব সামগ্রীর মজুত প্রায় শেষ হয়ে এসেছে। অথচ এক লাখ ৫০ হাজারের বেশি তাঁবু গাজায় পাঠানোর অপেক্ষায় রয়েছে।
গাজায় অক্সফামের প্রতিনিধি ওয়াসেম মুশতাহা বলেছেন, ‘প্রবল বন্যা যুদ্ধবিধ্বস্ত উপত্যকাজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। ইসরায়েল আশ্রয় সামগ্রী সরবরাহে বাধা দিচ্ছে এবং গাজার ৬৫ শতাংশ এলাকাকে প্রবেশ-নিষিদ্ধ ঘোষণা করেছে। মানুষের যাওয়ার মতো কোনো নিরাপদ জায়গা নেই।’

তিনি আল জাজিরাকে বলেন, আন্তর্জাতিক সাহায্য সংস্থার দলগুলো বৃষ্টির পানি নিষ্কাশন নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণের পাশাপাশি পানি ও স্যানিটেশন পরিকাঠামোর জন্য বালির বস্তা এবং প্রয়োজনীয় মেরামতের সরঞ্জাম সরবরাহ করে আসছে। কিন্তু এই শীতে আরও মানুষের মৃত্যু এড়াতে আশ্রয় সামগ্রীর পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, ইঞ্জিন তেল, পাইপ এবং ভারী যন্ত্রপাতির জরুরি সরবরাহ প্রয়োজন।’
মানবিক সহায়তা সংস্থাগুলোর আশঙ্কা, প্রয়োজনীয় সহায়তা ও সরঞ্জাম দ্রুত পৌঁছানো না গেলে বন্যা, শীত ও দূষিত পানির কারণে গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।