Dhaka Mail Logo

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে সঙ্গে নিয়েই জোট সরকার গঠন করতে চান আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

ইসরায়েলের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়েছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা গাদি আইজেনকোট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বাদ দিয়ে নয়, বরং তাকে সঙ্গে নিয়েই নতুন জোট সরকার গঠনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। 

রোববার (৮ নভেম্বর) জেরুজালেমে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছ থেকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পাওয়ার পর এ কথা বলেন আইজেনকোট।

এ সময় তিনি নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম পার্টিকেও তার নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার আহ্বান জানান।

আইজেনকট বলেন, ‘লিকুদ পার্টি ও রিলিজিয়াস জায়োনিজম পার্টির সদস্যরা যদি সত্যিই বিশ্বাস করেন যে এটি ঐক্যের সময়, তাহলে আমার নেতৃত্বাধীন সরকারের নীতিগুলোর ভিত্তিতে তাদের সমর্থন দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়’।

তবে নেতানিয়াহুকে সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে নয় বরং নেতানিয়াহুর নেতৃত্বের অবসান ঘটিয়ে নতুন সরকার গঠনের অঙ্গীকার করেছেন আইজেনকোট। ফলে নেতানিয়াহুর দলকে অন্তর্ভুক্ত করার আগ্রহ জানালেও সরকারে নেতানিয়াহুর ভূমিকা কি থাকবে তা স্পষ্ট করেনি তিনি।

এরআগে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়া আইজেনকোটকে নতুন সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় দেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।  

প্রসঙ্গত, ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবেও যুক্ত ছিলেন তিনি। এবার নির্বাচনে নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন আইজেনকট।

তবে গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে আইজেনকোটের চারদলীয় জোট পেয়েছে ৪৮টি আসন। ফলে সরকার গঠনের জন্য দুই পক্ষকেই নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে হচ্ছে। 

নির্বাচনের পর প্রেসিডেন্টের সঙ্গে রাজনৈতিক দলগুলোর পরামর্শ বৈঠকে ৬৭ জন আইনপ্রণেতা আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে মত দেন। নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন। বাকি সাতজন কোনো প্রার্থীর পক্ষেই সুপারিশ করেননি। এই সমর্থনের ভিত্তিতেই আইজেনকোটকে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন প্রেসিডেন্ট হারজোগ। 

ইসরায়েলের আইন অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোট নির্ধারিত সময়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন নিশ্চিত করতে না পারলে অন্য কাউকে সরকার গঠনের সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে নেতানিয়াহুও আবার সুযোগ পেতে পারেন। তিনিও ব্যর্থ হলে দেশটিতে আবার নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে।

আলজাজিরার বিশ্লেষক নুর ওদেহের মতে, আইজেনকটের প্রচেষ্টা ব্যর্থ করতে নেতানিয়াহুর হাতে এখনো রাজনৈতিক সুযোগ রয়েছে। ফলে নতুন সরকারে নেতানিয়াহুর নিজের অবস্থান কী হবে, সেটিই এখন ইসরায়েলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন।

সূত্র: আলজাজিরা, রয়টার্স
 
এমএইচআর