Dhaka Mail Logo

আন্তর্জাতিক

পাকিস্তানে সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম

পাকিস্তানে একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা রাবিয়া আহসানকে নিজ বাসায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামী আহসান তাহিরকে আটক করেছে পুলিশ। 

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, রোববার (৮ নভেম্বর) রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকার আদিয়ালা রোডে নিজ বাড়ির শয়নকক্ষে গুলিবিদ্ধ অবস্থায় ৯২ নিউজে কর্মরত রাবিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় গুলির ক্ষত ছিল। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে তার মা ও বোনও উপস্থিত ছিলেন। গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা শয়নকক্ষে ছুটে যান। সেখানে তিনি রাবিয়াকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামী আহসান তাহিরের হাতে একটি পিস্তল ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আহসান দাবি করেছেন অসাবধানতাবশত পিস্তল থেকে গুলি বেরিয়ে তার স্ত্রীর গায়ে লাগে। তবে তার এ দাবি খতিয়ে দেখছে তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে একটি ৩০ বোরের পিস্তল ও গুলি উদ্ধার করেছে ফরেনসিক দল। অস্ত্রটির বৈধ লাইসেন্সও দেখাতে পারেননি অভিযুক্ত।

রাবিয়ার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে থানায় পাকিস্তান দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।

৪১ বছর বয়সি রাবিয়া আহসান দুই কন্যাসন্তানের জননী। তিনি ৯২ নিউজে সংবাদ উপস্থাপনার পাশাপাশি বিভিন্ন সাম্প্রতিক বিষয়ভিত্তিক অনুষ্ঠান উপস্থাপনা করতেন। একসময় জ্যেষ্ঠ সাংবাদিক আমির মতিন ও রউফ ক্লাসরার সঙ্গেও অনুষ্ঠান সঞ্চালনা করেছেন তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো জারদারি। তিনি হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রাওয়ালপিন্ডিতে এর আগে ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সূত্র: ডন

এমএইচআর